সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে বেহাল নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের চতুর্থ ঘেরি এলাকার একটি ইটের রাস্তা। ৭০০ মিটার দীর্ঘ এই রাস্তাটির বিভিন্ন জায়গায় ইট ভেঙে, বসে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা, ঠিক মতো হেঁটেই যাতায়াত করা যায় না। অথচ এই রাস্তা দিয়েই রোজ প্রচুর মানুষ যাতায়াত করে।
Advertisement
জানা গিয়েছে, অতীতে রাস্তাটির পুরোটাই মাটির ছিল। দীর্ঘ প্রায় ১২ বছর আগে এই রাস্তায় ইট পাতা হয়। কিন্তু তারপরে রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাটি এখন বেহাল। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এক পশলা বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটাও যায় না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈশ্বরীপুর ও চতুর্থঘেরি গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দার জন্য এটাই প্রধান রাস্তা। গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র অথবা প্রাথমিক ও হাই স্কুলে এই রাস্তা দিয়েই যেতে হয়। স্বাভাবিকভাবেই গ্রামের প্রচুর ছাত্র ছাত্রী এই রাস্তা দিয়েই স্কুলে যাতায়াত করে। কিন্তু সাইকেলে করে যাওয়ার সময় প্রায়ই পড়ে গিয়ে তারা আহত হয়। স্থানীয় এক বাসিন্দা মৃণাল জানা বলেন, নামখানা, কাকদ্বীপ ও কলকাতায় যাওয়ার জন্য ১১৭ নম্বর জাতীয় সড়কে যেতে হলে এই রাস্তার উপর দিয়েই যেতে হয়। তাছাড়া এই রাস্তা দিয়ে বিভিন্ন অফিসে, হাসপাতালে যেতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই ইটের রাস্তাটি বেহাল। কোনও অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে খুবই সমস্যায় পড়তে হয়। কারণ রাস্তাটি দিয়ে অ্যাম্বুলেন্সও ঠিক মতো যাতায়াত করতে পারে না। রাত হলে সমস্যা আরও বেড়ে যায়।
নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম প্রামাণিক এনিয়ে বলেন, ইটের রাস্তাটি যে বেহাল অবস্থায়, সেটা জানি। শীঘ্রই মেরামত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম প্রামাণিক এনিয়ে বলেন, ইটের রাস্তাটি যে বেহাল অবস্থায়, সেটা জানি। শীঘ্রই মেরামত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।



