Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জাতীয় স্কুল গেমসে জোড়া রেকর্ড, এবার সোনা জয়ে হ্যাটট্রিক বাংলার সানিথীর

জাতীয় স্কুল গেমসের সাঁতারে তাক লাগিয়ে দিল বাংলার ছাত্রীরা। দু’টি মিট রেকর্ড সহ পাঁচটি সোনা পেয়েছে তারা।

জাতীয় স্কুল গেমসে জোড়া রেকর্ড, এবার সোনা জয়ে হ্যাটট্রিক বাংলার সানিথীর
  • ১৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় স্কুল গেমসের সাঁতারে তাক লাগিয়ে দিল বাংলার ছাত্রীরা। দু’টি মিট রেকর্ড সহ পাঁচটি সোনা পেয়েছে তারা। শুধু সাঁতার নয়, হাই ডাইভিংয়েও এসেছে জোড়া স্বর্ণপদক। নয়াদিল্লিতে ৬৯তম জাতীয় বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বছর বয়স বিভাগে স্বর্ণপদকের হ্যাটট্রিক করেছেন বারাসতের অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের ছাত্রী সানিথী মুখোপাধ্যায়। এছাড়াও অনূর্ধ্ব ১৯ বছর বয়স বিভাগে জোড়া সোনা পেয়েছে বারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্রী সাগ্নিকা রায়।

Advertisement


৫০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড ২৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে সানিথী অতীতের সব রেকর্ড ভেঙে সোনা জেতে। সেখানেই থেমে থাকেনি সে। ৫০ মিটার ফ্রি স্টাইলেও সময় নেয় মাত্র ২৮.৩৪ সেকেন্ড। রেকর্ডসহ সোনা এসেছে এক্ষেত্রেও। ১০০ মিটার বাটার ফ্লাইয়ে ১.০৭.১৮ মিনিট সময় নিয়ে তৃতীয় স্বর্ণপদক জেতে সে। তবে, এক্ষেত্রে অবশ্য রেকর্ড হয়নি। অন্যদিকে, সাগ্নিকা ৫০ মিটার ব্যাকস্ট্রোক এবং ১০০ মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণপদক ছিনিয়ে নেন। সাফল্য এসেছে হাইডাইভিংয়েও। বাগবাজার মাল্টিপারপাস স্কুলের ছাত্রী প্রগতি দাস অনূর্ধ্ব ১৯ বছর বিভাগে হাই বোর্ড এবং তিন মিটার বোর্ড ডাইভিংয়ে সোনা পেয়েছে। পদক জয়ের ধারা এখানেই শেষ হয়নি। হাইবোর্ড ডাইভিংয়ে একই বয়স বিভাগে রুপো পেয়েছে মহাকালী পাঠশালার ছাত্রী ছন্দিতা চৌধুরী। রানাগড় হাইস্কুলের ছাত্রী পৃথা দেবনাথ ১০০ এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে জোড়া ব্রোঞ্জ পেয়েছে এই বয়স বিভাগে। অনূর্ধ্ব ১৪ বছর বয়স বিভাগে হোলি চাইল্ড ইনস্টিটিউশনের ছাত্রী স্মৃতি দাস হাইবোর্ড ডাইভিংয়ে ব্রোঞ্জ পেয়েছে। স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, নিরন্তর পরিশ্রম এবং প্রশিক্ষণেই এই অনন্য সাফল্য।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ