Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পণ্য পরিবহণে দ্বিগুণ খরচই দেশের আর্থিক বিকাশে বাধা: কেন্দ্রীয় সচিব

সারা বিশ্বের তুলনায় ভারতের পরিবহণ খরচ প্রায় দ্বিগুণ। এই সমস্যা উৎপাদন শিল্প এবং জোগান বৃদ্ধির সামনে বড় বাধা। তাই আর্থিক বিকাশের জন্য ভারতকে পরিবহণ খরচ কমাবার উপর জোর দিতে হবে বলে মনে করেন বিদেশ মন্ত্রকের সচিব (ইকনমিক অ্যাফেয়ার্স) দামু রবি।

পণ্য পরিবহণে দ্বিগুণ খরচই দেশের আর্থিক বিকাশে বাধা: কেন্দ্রীয় সচিব
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারা বিশ্বের তুলনায় ভারতের পরিবহণ খরচ প্রায় দ্বিগুণ। এই সমস্যা উৎপাদন শিল্প এবং জোগান বৃদ্ধির সামনে বড় বাধা। তাই আর্থিক বিকাশের জন্য ভারতকে পরিবহণ খরচ কমাবার উপর জোর দিতে হবে বলে মনে করেন বিদেশ মন্ত্রকের সচিব (ইকনমিক অ্যাফেয়ার্স) দামু রবি। দু’দশক ধরে ভারতের জিডিপি বৃদ্ধির গড় হার ৬.৫ শতাংশ। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হিসেবে উঠে আসতে হলে সেই বৃদ্ধির হার আরও বাড়াতে হবে। এজন্য আরও জোর দিতে হবে উৎপাদন শিল্পে। দাবি করলেন দামু রবি। 

Advertisement

সোমবার বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত শুধু নিজের চেষ্টায় অর্থনৈতিক বৃদ্ধি সম্পন্ন করতে পারবে না। ভারতকে এজন্য অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে এবং বাড়াতে হবে পণ্যের জোগান। জোগান বাড়লে, তা রপ্তানিতে সহায়ক হবে। 
কেন্দ্রীয় সচিবের দাবি, উন্নততর অর্থনীতির জন্য এদেশের পণ্য পরিবহণ খরচ কমাতে হবে। যেখানে বিশ্বে পণ্য উৎপাদন খরচের ৬ থেকে ৮ শতাংশ দখল করে রাখে পরিবহণ খরচ, সেখানে ভারতে তা ১২ শতাংশ। অর্থাৎ প্রায় দ্বিগুণ। 
দামু রবি বুঝিয়েছেন, উৎপাদন খরচ না কমালে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার বাজারে সুবিধা করতে পারবে না ভারতীয় পণ্য। পরিবহণ খরচ কমানোর জন্য দেশের যোগাযোগ ব্যবস্থা আরও সুষ্ঠু করে তোলার নিদান দেন তিনি। তার জন্য পরিকাঠামো খাতে প্রয়োজনীয় বিনিয়োগ বাড়ানোর দরকার বলে দাবি তাঁর। পাশাপাশি তিনি বলেন, ভারতীয় মুদ্রার ব্যবহার আন্তর্জাতিক বাজারে আরও বেশি করে করা উচিত। এর অর্থ, মার্কিন ডলারকে প্রত্যাখ্যান নয়, বর্তমান টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধি সম্ভব হলে অর্থনৈতিক স্থিতাবস্থা বাড়বে।

সম্পর্কিত সংবাদ