কাঠমাণ্ডু: হড়পা বানে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। ধীরে ধীরে ছন্দে ফিরছে হিমালয়ের কোলে বেড়ে ওঠা এই রাষ্ট্র। এর মধ্যেই বিপর্যয়ের নানা দৃশ্য ধরা পড়ছে। কোথাও উদ্ধার কাজের মন ছুঁয়ে যাওয়া চিত্র। কোথাও আবার মৃতদেহ থেকে গয়না খুলে নিয়ে দেখা গিয়েছে দুষ্কৃতীদের। এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এল স্কুল-পড়ুয়ারা। টিফিন খরচ থেকে বাঁচানো অর্থই ক্ষতিগ্রস্ত মানুষের সাহাযার্থে পাঠাচ্ছে তারা। কাঠমাণ্ডু পোস্ট নিউজ পোর্টাল সূত্রে খবর, নেপালের সুদূরপশ্চিম প্রদেশের আছাম জেলায় রয়েছে শোদাশা সেকেন্ডারি স্কুল। সেখানকার নবম শ্রেণির পড়ুয়া ইয়ানিক কেসি। কার্যত তার উদ্যোগেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সহপাঠী সহ অন্যান্য পড়ুয়ারা।



