নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিধানসভা নির্বাচনের পর পশ্চিম বর্ধমান জেলায় অস্তিত্বের সংকটে পড়েছিল তৃণমূল কংগ্রেস। বিগত দু’ মাসে কোনো রাজনৈতিক কর্মসূচি তো ছিলই না বিজেপির আক্রমণের সামান্যতম প্রতিরোধটুকুও হয়নি। দু’ মাস পর বুধবার প্রথম প্রতিরোধ গড়ে তুলল তৃণমূল কংগ্রেস। বিজেপির ‘চোর চোর’ আওয়াজের প্রতিবাদে পাল্টা আওয়াজ উঠল, ‘ভোট চোর গদি ছোড়’। দুর্গাপুরে তৃণমূল ও বিজেপির স্লোগান, পাল্ট স্লোগানে চাঞ্চল্য ছড়াল। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়ন ১ জুলাই ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল। দুর্গাপুর স্টিল টাউনশিপের চৈতন্য অ্যাভিনিউতে জয়ন্ত রক্ষিত সহ তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতাদের আয়োজনে রক্তদান শিবিরে যোগ দিতে আসেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি দোলা সেন। রক্তদান শিবিরের অদূরে জমায়েত হতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। দোলা সেন গাড়ি নিয়ে রওনা দিতেই তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো শুরু করে বিজেপি কর্মীরা। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’, ‘দোলা সেন মুর্দাবাদ’ স্লোগান ওঠে। তখনই দুর্গাপুর বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক তৃণমূল নেতা কল্লোল ঘোষ, প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক মণ্ডল সহ বাকিরা রুখে দাঁড়ান। তাঁরা পাল্টা স্লোগান দেন, ‘ভোট চোর গদি ছোড়’। এই প্রতিরোধের মুখে বিজেপি কর্মীদের এলাকা থেকে চলে যেতে দেখা যায়। কল্লোল ঘোষ বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক রক্তদানের মতো সামাজিক কাজও ওরা করতে দেবে না। এটা কী ধরনের রাজনৈতিক সংস্কৃতি। দুর্গাপুরের মানুষ এটা মেনে নেবে না।



