Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / হেলথ

১৩ হাজার ফুট উচ্চতায় নাথুলার গ্রাম দত্তক নিলেন চিকিৎসকরা!

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় নাথুলা পাসের দুটি গ্রাম ‘দত্তক’ নিলেন চিকিৎসকরা। বলা ভালো, দেশের মেডিসিন বিশেষজ্ঞ বা ফিজিশিয়ানদের সর্ববৃহৎ সংগঠন অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (এপিআই)।

১৩ হাজার ফুট উচ্চতায় নাথুলার গ্রাম দত্তক নিলেন চিকিৎসকরা!
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশ্বজিৎ দাস, কলকাতা: সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় নাথুলা পাসের দুটি গ্রাম ‘দত্তক’ নিলেন চিকিৎসকরা। বলা ভালো, দেশের মেডিসিন বিশেষজ্ঞ বা ফিজিশিয়ানদের সর্ববৃহৎ সংগঠন অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (এপিআই)। অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির সৌজন্যে সিকিমের নাথুলার নাম জানেন না, এমন মানুষ কমই আছেন! যে-দুটি গ্রাম তাঁরা দত্তক নিয়েছেন, সেই কুপুপ ও নাথাংও এখন ট্রেকিং ও পর্যটনের সৌজন্যে অনেকের কাছেই পরিচিত। টুরিস্টরা ক্ষণিকের অতিথি হিসেবে সেখানকার অসামান্য নৈসর্গিক দৃশ্য প্রাণভরে উপভোগ করে বাড়ি ফিরে যান। কিন্তু, যাঁরা বছরভর মূল শহর, শহরতলি বা ছোটো-বড়ো জনপদ থেকে বহু দূরে, অত উচ্চতায় থাকেন, হাড়ে হাড়ে বোঝেন, কতটা কষ্টের সেই জীবন! বিশেষত, অসুখবিসুখ হলে তো কথা নেই! এপিআই-এর পাবলিক হেলথ কমিটির চেয়ারম্যান ডাঃ জ্যোতির্ময় পাল বলেন, আমাদের মতো পেশাদারদের সংগঠনের মানুষের বিপদ-আপদে পাশে থাকা উচিত। সেই ভাবনা থেকেই  সিকিম, মিজোরাম, ঝাড়খণ্ড ও শিলিগুড়ি মিলিয়ে কয়েকটি গ্রাম ‘দত্তক’ নিয়েছি আমরা। 

Advertisement

গ্রাম  ‘দত্তক’ নেওয়ার অর্থ কী? এপিআই সূত্রের খবর, এর অর্থ অসুখ-বিসুখে সংগঠনের চিকিৎসকদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন গ্রামবাসীরা। দত্তক নেওয়া গ্রামের প্রত্যেক বাসিন্দার হাতে তুলে দেওয়া হবে দেশজুড়ে প্রায় ২৭ হাজার মেডিসিন বিশেষজ্ঞের এই সংগঠনের হেলথ কার্ড। দত্তক নেওয়া গ্রামের বাসিন্দাদের সপ্তাহে দুদিন ( শনি ও রবিবার ) মেডিকেল চেকআপ করবেন ডাক্তাররা। নিকটবর্তী শহরে এসে ডাক্তার দেখালে এপিআই-এর সদস্যরা তাঁদের থেকে ফি-ও নেবেন না। সিকিমের নাথুলার দুটি গ্রাম ছাড়াও মিজোরামের লেংপুই, শিলিগুড়ির খড়িবাড়ি ও ঝাড়খণ্ডের ত্রিকূট পাহাড়ের একটি গ্রাম দত্তক নিয়েছেন চিকিৎসকরা। 
নাথুলার গ্রাম দুটিতে ৪ অক্টোবর প্রথম মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছেন গ্যাংটকের ফিজিশিয়ানরা। সিকিম এপিআই-এর চেয়ারপার্সন ডাঃ মোনা ঢাকাল বলেন, আমরা প্রথমে নাথুলার কুপুপ যাচ্ছি। কুপুপ, নাথাং দুই জায়গার বাসিন্দাদের নিয়ে কুপুপে মেডিকেল ক্যাম্প হবে। ডাঃ ঢাকাল বলেন, ওই উচ্চতায় বাসিন্দাদের শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, অ্যালকোহলঘটিত লিভারের অসুখ ইত্যাদি হয়। আর সুগার কোথায় হয় না! আশা করি, এরপর থেকে প্রত্যন্ত এলাকার বাসিন্দা বলে ওদের অসুখ আর অবহেলিত থাকবে না। ফিজিশিয়ানদের সর্ববৃহৎ সংগঠন সংবিধানও পালটেছে। সংগঠনের লক্ষ্যে শিক্ষা, গবেষণা ও পাবলিকেশনের সঙ্গে যুক্ত হয়েছে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য। পাবলিক হেলথ কমিটির নয়া চেয়ারম্যান ডাঃ পালের সাফ কথা, চেম্বার, চাকরি ও কনফারেন্সের গেট টুগেদারে চিকিৎসক জীবন সীমাবদ্ধ রাখলে হবে না। জনস্বাস্থ্য ও রোগ প্রতিরোধের কাজে রাস্তায়ও নামতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ