নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরসন্ধ্যায় কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার পরই তৎপরতা বাড়াল লালবাজার। প্রতিটি থানাকে নাকা তল্লাশি বাড়ানোর জন্য নির্দেশ দিলেন পুলিস কমিশনার মনোজ কুমার ভার্মা। প্রতিদিন সব থানাকে নিজের নিজের এলাকায় নাকা তল্লাশির পাশাপাশি করতে হবে টহলদারিও। রবিবার এই মর্মে জরুরি ভিত্তিতে সব ডিভিশনের ডিসি এবং সমস্ত থানার ওসিদের বিশেষ নির্দেশ পাঠিয়েছেন সিপি। নির্দেশনামায় বলা হয়েছে, প্রতিদিন অন্তত তিনবার করে ‘সারপ্রাইজড নাকা তল্লাশি’ চালাতে হবে। দুপুরে দু’ঘণ্টা এবং সন্ধ্যায় দু’ঘণ্টা তল্লাশি আবশ্যিক।
Advertisement
এতদিন পর্যন্ত বিশেষ কোনও কারণ ছাড়া গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত সময়ে শহরের ভিতরে নাকা তল্লাশি হতো না। সিপির নির্দেশ, এবার থেকে প্রতিদিন রাত একটা থেকে ভোর রাত তিনটে পর্যন্ত সমস্ত থানাকে নিজ নিজ এলাকায় জায়গা বদল করে নাকা তল্লাশি চালাতে হবে। কোথাও কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জানাতে হবে নিকটতম পিসিআর ভ্যানকে।



