Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়মন্ডহারবারে বাজি বিস্ফোরণ, মৃত আরও ১ 

ডায়মন্ডহারবারে বাজি বিস্ফোরণ, মৃত আরও ১ 
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবারে বাজি বিস্ফোরণের ঘটনায়  আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে মারা গিয়েছেন গুরুতর আহত শানু পুরকাইত। তাঁর শরীরের সিংহভাগই পুড়ে গিয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল তিন।  
Advertisement
অন্যদিকে, গ্রামের মধ্যেই একটি বাড়ির মধ্যে যে বাজি তৈরি করা হতো, তা অনেকের কাছেই অজানা ছিল এতদিন। পুলিসের কাছেও খবর ছিল কি না, তা স্পষ্ট নয়। এই অবস্থায় গ্রামে আর কোথাও এরকম বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছে কি না, তার খোঁজ করতে গোপনে অভিযান শুরু করল ডায়মন্ডহারবার পুলিস জেলা। বিভিন্ন এলাকায় তাদের ‘সোর্স’কে এ ব্যাপারে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও বাড়িতে অবৈধ বাজি তৈরির খবর মিললেই ব্যবস্থা নেবে পুলিস। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতেই এই তৎপরতা বলে জানিয়েছে তারা। এদিকে, দেবদাস হালদার নামে যে ভিলেজ পুলিসের বাড়িতে ওই বিস্ফোরণ ঘটেছে, সেখানে ঠিক কোন ধরনের বাজি তৈরি হতো, তা স্পষ্ট নয় গ্রামবাসীদের কাছে। তাঁরা বলছেন, ‘রঙ মশাল, ফুলঝুরি বানানো হয় বলে জানতাম। কিন্তু বিস্ফোরণের পর ওই ঘর থেকে অন্যরকম বাজি পাওয়া গিয়েছে। আরও বড় বিপদ যে হয়নি, সেটাই রক্ষে।’ এই পরিস্থিতিতে স্থানীয়রা চাইছেন, গ্রামের মধ্যে কোনও বাড়িতেই যেন এই কারবার না চলে। প্রশাসন নিজে থেকেই বিষয়টি দেখুক—আবেদন তাঁদের। স্থানীয় পঞ্চায়েতও বিষয়টি নিয়ে পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। এদিকে, মঙ্গলবার রাতে মৃত ভিলেজ পুলিসের দেহ দোলনঘাটায় তাঁর শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।
সম্পর্কিত সংবাদ