নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রশ্নপত্রের জন্য কেন্দ্রপিছু পৃথক ট্রাঙ্ক বরাদ্দ। তাতে রয়েছে কম্বিনেশন লক। প্রশ্নপত্রও এমনভাবে প্যাক করা যে পরীক্ষার্থী ছাড়া কেউ খুলতে পারবেন না। টোকাটুকি ঠেকাতে প্রতি প্রশ্নপত্রে রয়েছে কিউআর কোড। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কোনও নিয়োগ পরীক্ষাও নয়, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড দ্বিতীয় বর্ষের পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হল এরকমই কড়া নিরাপত্তায়। প্রায় ৩৪ হাজার ছাত্রছাত্রী রাজ্যের ১২০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, পরীক্ষা প্রক্রিয়া নিশ্ছিদ্র ও স্বচ্ছ রাখতেই বাড়তি সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন নানা উপায়ে টোকাটুকি বা প্রশ্নফাঁস হয়। প্রতি বছর উন্নত করা হবে পরীক্ষা পদ্ধতি।



