Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাকাতির আগেই মহিলা সহ ধৃত চার

ডাকাতির আগেই মহিলা সহ ধৃত চার
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিস। সোমবার উলুবেড়িয়ার বাণীতলা নরেন্দ্র মোড়ের কাছে উড়ালপুলের নীচ থেকে এই চারজনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতেরা হল উত্তর ২৪ পরগনার রহড়ার বাসিন্দা রাবেয়া বিবি এবং বিহারের বাসিন্দা বিকাল লোথার, বিজয়নাথ লোথার এবং নন্দীকিশোর লোথার। ধৃতদের বিরুদ্ধে পুলিস একাধিক ধারায় মামলা রুজু করেছে। মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত রাবেয়া বিবি বেশ কয়েকজনকে নিয়ে একটি দল তৈরি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ডাকাতি করে। বিশেষ করে বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের টার্গেট করে এই ডাকাত দল। সেই রকম বেশ কয়েকমাস আগে উলুবেড়িয়া শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহকের কাছ থেকে টাকা ডাকাতি করে রাবেয়া বিবির নেতৃত্বে ডাকাতদল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিস ব্যাঙ্কের ও বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাবেয়া বিবিকে শনাক্ত করে। যদিও পুলিস তখন তার নাগাল পায়নি। এরপর উলুবেড়িয়া থানার পক্ষ থেকে বিভিন্ন থানায় রাবেয়া বিবির ছবি পাঠানো হয়। এরপর সোমবার গোপন সূত্রে পুলিসের কাছে খবর আসে যে, বাণীতলা নরেন্দ্র মোড়ের কাছে উড়ারপুলের নীচে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কিছুটা দূরে রাবেয়া বিবি তার সঙ্গীদের নিয়ে জড়ো হয়েছে। এরপরেই পুলিস অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, ধৃত রাবেয়া বিবিকে দীর্ঘদিন ধরেই খোঁজা চলছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ আছে। ডাকাতি করার আগেই সোমবার এদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। মাস কয়েক আগে উলুবেড়িয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরিয়ে আসা এক গ্রাহকের চার লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় এরাই কি জড়িত? তিনি জানান, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।-নিজস্ব চিত্র 
সম্পর্কিত সংবাদ