Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ দমদমের লালপোলে আন্ডারপাস হবে রেলের, সাংসদের উদ্যোগে খুশি এলাকাবাসী

দক্ষিণ দমদমের লালপোলে আন্ডারপাস হবে রেলের, সাংসদের উদ্যোগে খুশি এলাকাবাসী
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: রেল লাইনের উপর দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে বাধ্য হতে হয় মানুষকে। এছাড়া আশপাশের কোনও এলাকায় বাইক বা গাড়িতে যেতে হলে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়। যানজটে পড়তে হয়। তাই দক্ষিণ দমদমের লালপোলে আন্ডারপাস তৈরির দাবি কয়েক দশক ধরেই উঠছে। অবশেষে দীর্ঘদিনের সে দাবি মেনে নিল রেল। সাংসদ সৌগত রায়কে চিঠি দিয়ে তারা জানিয়েছে, চলতি অর্থবর্ষে আন্ডারপাস তৈরির অনুমোদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। তা তৈরি হলে নোয়াপাড়া মেট্রো, বিটি রোডের সঙ্গে যোগাযোগ সহজ হবে। রেলের উদ্যোগে বাসিন্দারা খুশি।
Advertisement
জানা গিয়েছে, দমদম স্টেশন থেকে বনগাঁ যাওয়ার রেল লাইন দক্ষিণ দমদম পুরসভার ভিতর দিয়ে গিয়েছে। ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া ছুঁয়ে যাওয়া রেল লাইনের পাশে লালপোল। উল্টো দিকে ১৩ নম্বর ওয়ার্ডের মধুগড় এলাকা। এই এলাকার স্থানীয় বাসিন্দারা রেল লাইনের উপর দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করেন। ফলে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। সমস্যা সমাধানে লালপোলে রেলওয়ে আন্ডারপাসের দাবি উঠছে দীর্ঘদিন ধরেই। তা তৈরি হলে ১১ নম্বর ওয়ার্ডের লালপোল, বেদিয়াপাড়া ছাড়াও এক থেকে ছয় এবং আট থেকে ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সহজেই দু’নম্বর রেলগেট হয়ে প্রমোদনগর পৌঁছতে পারবেন। প্রমোদনগর হয়ে নোয়াপাড়া মেট্রোর পাশাপাশি সহজেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরতে পারবেন। এছাড়া ৩০ এ বাস স্ট্যান্ড হয়েও সহজে বিটি রোড যাওয়া যাবে। একইসঙ্গে খালপাড় ধরে হনুমান মন্দির হয়ে সহজে পৌঁছে যাওয়া যাবে নাগেরবাজার।
জানা গিয়েছে, সম্প্রতি, দমদমের সাংসদ সৌগত রায় বিষয়টি নিয়ে তদ্বির করেন। রেলওয়ের আধিকারিকদের সঙ্গে দেখা করে দ্রুত আন্ডারপাস তৈরির দাবি জানান। এরপর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সৌগতবাবুকে চিঠি দিয়ে কাজ রূপায়ণের চেষ্টা হচ্ছে বলে জানান। চিঠিতে বলা হয়েছে, দমদম ও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে বেদিয়াপাড়া, লালপোল আন্ডারপাস তৈরির কাজের অনুমোদন প্রক্রিয়া চলছে। ২০২৪-’২৫ অর্থবর্ষে অনুমোদন পেতে সমস্ত রকম পদক্ষেপ হয়েছে। ওই চিঠিতে আন্ডারপাসের ওয়ার্ক আইডি নম্বর উল্লেখ করে বলা হয়েছে, প্রয়োজনে আপনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। তীর্থঙ্কর দাস, সৌগত পাল নামে দুই স্থানীয় বাসিন্দা বলেন, ‘দীর্ঘদিন ধরে লালপোল আন্ডারপাস তৈরির দাবি জানানো হচ্ছে। এটি তৈরি হলে দমদম রোডের উপর চাপ কমবে। সহজে আমরা নোয়াপাড়া মেট্রো, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন জায়গায় পৌঁছতে পারব।’ দক্ষিণ দমদম পুরসভার সিআইসি মৃন্ময় দাস বলেন, ‘মানুষের কয়েক দশকের সমস্যা সমাধানের প্রয়াস নিয়েছেন সাংসদ। তাঁর উদ্যোগে রেল আন্ডারপাস তৈরির উদ্যোগ নিয়েছে। এলাকাবাসী খুবই উপকৃত হবে।’
সম্পর্কিত সংবাদ