লন্ডন: উইম্বলডনে নোভাক জকোভিচের দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার পুরুষদের সিঙ্গলসে সার্বিয়ার মিওমির কেকমানোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করলেন মহাতারকা। জোকারের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-০, ৬-৪। প্রি কোয়ার্টার-ফাইনালে তাঁর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। জকোভিচের পাশাপাশি শেষ ষোলোয় জায়গা পাকা করেছেন জানিক সিনারও। তৃতীয় রাউন্ডের ম্যাচে স্পেনের পেড্রো মার্তিনেজকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ইতালিয়ান তারকা। সিনারের পক্ষে খেলার ফল ৬-১, ৬-৩, ৬-১। উইম্বলডন জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে এগচ্ছেন কার্লোস আলকারাজও। শেষ ষোলোয় তাঁর প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভ। শুক্রবার জান-লেনার্ডের বিরুদ্ধে তিনি জেতেন ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে।



