Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

কাজে গতি আনবেন প্রশাসক, পঞ্চায়েত আইনের সংশোধনীতে আশাবাদী জেলার আধিকারিকরা

পঞ্চায়েত আইন সংশোধনী বিল পাশ হয়েছে বিধানসভায়

কাজে গতি আনবেন প্রশাসক, পঞ্চায়েত আইনের সংশোধনীতে আশাবাদী জেলার আধিকারিকরা
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত আইন সংশোধনী বিল পাশ হয়েছে বিধানসভায়। তাতে বলা হয়েছে, প্রধান টানা ১৫ দিন পঞ্চায়েত অফিসে না এলে সেখানে প্রশাসক বসাতে পারবেন জেলাশাসক। এই নয়া নিয়ম লাগু হয়ে গেলে অনেকটা সুবিধা হবে বলে মনে করছেন জেলার আধিকারিকরা। পালাবদলের পর দক্ষিণ ২৪ পরগনার বহু ব্লকে তৃণমূলের পঞ্চায়েতে প্রধানরা নিয়মিত আসছেন না। ব্যাহত হচ্ছে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম। ফলে এই সংশোধনী আইনে পরিণত হলে এসব পঞ্চায়েতে কাজের গতি বাড়বে বলে মনে করা হচ্ছে। এছাড়া, প্রধানদের হাতে থাকা আর্থিক ক্ষমতায় রাশ টানা হচ্ছে প্রস্তাবিত আইনে। কারণ, প্রধানদের টানা অনুপস্থিতির কারণে অনেক বিল সই হচ্ছে না। বিশেষ করে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। কোথাও টাকা পড়ে আছে, খরচ করা যাচ্ছে না। কোথাও আবার বিল ছাড়া হচ্ছে না। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্যানিং ১, ফলতা, ডায়মন্ডহারবার, বারুইপুর, জয়নগরসহ বহু ব্লকের একাধিক পঞ্চায়েতে এখন প্রধানদের দেখা যাচ্ছে না। যেমন, ক্যানিং পশ্চিমের ১০টি পঞ্চায়েতের মধ্যে মাত্র তিনটিতে প্রধান আসছেন অফিসে। দু’জন প্রধান গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে ছাড়া পেলেও তাঁরা অফিসে ঢুকছেন না। ফলতাতেও কমবেশি একই হাল। এই অবস্থায় জেলার আধিকারিকরা মনে করছেন, নয়া সংশোধনীর গেজেট নোটিফিকেশন হয়ে গেলে অনেক পঞ্চায়েতে প্রশাসক বসানোর উদ্যোগ নেওয়া হবে। এতে গ্রামীণ এলাকার উন্নয়ন আর থমকে থাকবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ