Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাপ্যের ২০ শতাংশ টাকা ব্যয় রাস্তার কাজে, পঞ্চায়েতকে সচেতন করল জেলা প্রশাসন

আর কিছুদিন বাদেই ষোড়শ অর্থ কমিশন চালু হবে। পঞ্চদশ অর্থ কমিশনের তুলনায় এতে একাধিক নতুন নিয়ম চালু হবে

প্রাপ্যের ২০ শতাংশ টাকা ব্যয় রাস্তার কাজে, পঞ্চায়েতকে সচেতন করল জেলা প্রশাসন
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আর কিছুদিন বাদেই ষোড়শ অর্থ কমিশন চালু হবে। পঞ্চদশ অর্থ কমিশনের তুলনায় এতে একাধিক নতুন নিয়ম চালু হবে। তার মধ্যে অন্যতম হল আনটায়েড ফান্ডের মোট প্রাপ্যের ২০ শতাংশের বেশি টাকা রাস্তার কাজে ব্যবহার করা যাবে না। এসব নিয়ে গ্রাম পঞ্চায়েতগুলিকে সচেতন করে তোলার কাজ প্রাথমিকভাবে শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। পঞ্চদশ ও ষোড়শ অর্থ কমিশনের মধ্যে কী কী ফারাক আছে, কোথায় পার্থক্য, কী ধরনের বদল আনা হয়েছে প্রভৃতি বুঝিয়ে বলা হচ্ছে পঞ্চায়েত কর্তাদের। এতদিন রাস্তা নির্মাণ ও সংস্কারে মোট প্রাপ্যের কত টাকা খরচ করা যাবে, তার কোনো সীমা ছিল না। কেউ চাইলে প্রাপ্যের সব টাকা খরচ করে দিতে পারতেন আবার অর্ধেক টাকা সড়ক নির্মাণে ব্যবহার করার সুযোগও ছিল। পুরোটাই নির্ভর করত সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপর। কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে দুটি অর্থ কমিশনের কোথায় কোথায় তফাত আছে, সেটা জেলাগুলিকে জানানো হয়েছে। সেটাই এবার পঞ্চায়েতগুলিকে অবহিত করা হচ্ছে। তবে কিছুদিন বাদে এই নিয়ে আরো জোরদার প্রচার কর্মসূচি নেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়া পঞ্চদশ অর্থ কমিশনের টায়েড ফান্ডে পরিচ্ছন্নতা (স্যানিটেশন) ও পানীয় জলের ব্যবস্থার কাজে মোট প্রাপ্য টাকার সমান ভাগ খরচ করার নিয়ম ছিল। কিন্তু ষোড়শ অর্থ কমিশনে সেই ভাগ নেই বলেই জানা গিয়েছে। অর্থাৎ, পঞ্চায়েতগুলি কমবেশি তাদের মতো খরচ করতে পারবে। এই বিষয়টি নিয়েও পঞ্চায়েত স্তরে বোঝানো হবে বলে ঠিক হয়েছে। ভালো কাজে এতদিন পঞ্চদশ অর্থ কমিশনে আলাদা করে কোনো অনুদান পেত না পঞ্চায়েতগুলি। এবারে ষোড়শ অর্থ কমিশনে সেটা সংযুক্ত করা হচ্ছে। আধিকারিকরা বলেন, এখনো লিখিত কোনো অর্ডার না এলেও এই নিয়ে দপ্তরে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। তাই এখন থেকেই পঞ্চায়েতগুলিকে সচেতন না করা গেলে পরে ওদের বুঝতে অসুবিধে হতে পারে। তাই ধীরস্থিরভাবে বিষয়গুলিকে বোঝানো হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ