দুর্গাপুজোর পাশ বিলি: ইন্দ্রনীলের  আগাম জামিনের আরজি খারিজ
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর পাশ বিলি সংক্রান্ত দুর্নীতি মামলায় ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর টিকিট বিক্রি করার অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এফআইআর দায়ের হয়েছে বউবাজার থানায়। তার প্রেক্ষিতে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার সেই মামলায় তাঁর আগাম জামিনের আরজি খারিজ করে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Advertisement

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগে ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। হাইকোর্ট আগাম জামিনের আরজি খারিজ হয়ে যাওয়ায় প্রাক্তন মন্ত্রীর গ্রেপ্তারিতে বাধা নেই। তবে তাঁর কাছে উচ্চতর বেঞ্চে যাওয়ার সুযোগ রয়েছে। দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’র নাম কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন জয়দীপ মুখোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্তে নামে বউবাজার থানা। পাশাপাশি ইন্দ্রনীলের বিরুদ্ধে ইডিও তদন্ত শুরু করেছে। 
ইউনেস্কোর নাম করে দুর্গাপুজো কার্নিভালের ভিআইপি পাশ বিক্রি, চলচ্চিত্র উৎসব ও কলকাতা বইমেলায় আর্থিক তছরুপ এবং নিজের ঘনিষ্ঠ সংস্থাকে বেআইনি ভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে চন্দননগরের প্রাক্তন বিধায়কের  বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে ইডির অনুমান, ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইতিমধ্যেই দুবার ইন্দ্রনীলকে সিজিও কমপ্লেক্সের দপ্তরে ডেকে পাঠিয়ে জেরা করেছে ইডি। তার আগে ইন্দ্রনীলের কসবার বাড়ি এবং সিঙ্গুরের বাগানবাড়ি-সহ বিভিন্ন ঠিকানায় তল্লাশিও চালিয়েছিল তারা। 
অন্যদিকে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার দিনেই ইন্দ্রনীলকে সাঁড়াশি চাপে ফেলতে চাইছে ইডি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল। তাঁর আমলে ওই দপ্তর খেলা, মেলা-সহ যে-সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেছিল তাঁর যাবতীয় খরচার ফাইল চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ওইসব অনুষ্ঠানের বরাত কোন কোন সংস্থা পেয়েছিল এবং তার সঙ্গে ইন্দ্রনীলের সংস্থার কোনো যোগ রয়েছে কি না সেটাই খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় সংস্থার অফিসাররা।