Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

সেবা সেতু শিবিরে ‘অন্নপূর্ণা’ অসন্তোষ, প্রথম দিনেই বার্ধক্য ভাতার জন্য প্রায় ৫ লক্ষ আবেদন

রাজ্যজুড়ে শুরু হয়েছে সেবা সেতু শিবির। শুক্রবার ছিল তার প্রথম দিন। এদিন শিবিরে এসেছেন ১০ লক্ষ ৪৫ হাজারের কিছু বেশি সংখ্যক মানুষ।

সেবা সেতু শিবিরে ‘অন্নপূর্ণা’ অসন্তোষ, প্রথম দিনেই বার্ধক্য ভাতার জন্য প্রায় ৫ লক্ষ আবেদন
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে শুরু হয়েছে সেবা সেতু শিবির। শুক্রবার ছিল তার প্রথম দিন। এদিন শিবিরে এসেছেন ১০ লক্ষ ৪৫ হাজারের কিছু বেশি সংখ্যক মানুষ। এক-একজন একাধিক প্রকল্প বা স্কিমের জন্য আবেদন করেছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত আসা খবর অনুযায়ী, বার্ধক্য ভাতা, গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাসহ নানা প্রকল্পের জন্য আবেদনের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১২ লক্ষ ৬০ হাজার। এর মধ্যে বার্ধক্য ভাতা পেতেই আবেদন জমা পড়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ২৮৯টির  বেশি, যা সব প্রকল্পের মধ্যে সর্বাধিক। 

Advertisement

তবে প্রথম দিনে কম-বেশি সব ক্যাম্পেই উপচে পড়েছে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য মহিলাদের ভিড়। গত চার মাস ধরে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখান মহিলারা। মালদহের রতুয়ায় সেবা সেতু শিবিরে ব্যাপক ভাঙচুরও চলে। রবিবার পর্যন্ত চলবে শিবির। সূত্রের খবর, বর্তমানে ১০ থেকে ৩১ জুলাই পর্যন্ত আসা অন্নপূর্ণা যোজনার আবেদনগুলির যাচাই প্রক্রিয়া চলছে। এই কাজ সম্পূর্ণ হলে তবেই নতুন করে আবেদন নেওয়ার পোর্টাল চালু হবে। সেই কারণে এই তিন দিনের সেবা সেতু শিবিরে অন্নপূর্ণা যোজনার আবেদন জমা নেওয়ার ব্যবস্থা রাখা হয়নি। তবে যদি কেউ আবেদন করে আর্থিক সহায়তা না পেয়ে থাকেন, তাঁদের অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা থাকছে শিবিরে। এদিন সেই অভিযোগ জানাতে গিয়েই একাধিক জায়গায় বিক্ষোভ দেখান মহিলারা। মালদহের হরিশ্চন্দ্রপুরে বিডিও ধ্রুবাশিস সামন্তের মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, এক মহিলা অন্নপূর্ণা যোজনার অভিযোগপত্র জমা দিতে গেলে বিডিও তাঁকে বলেন,  ‘মন রক্ষার জন্য অভিযোগ নেওয়া হচ্ছে’! এই কথা ছড়িয়ে পড়তেই বিশৃঙ্খলা শুরু হয় শিবিরে। জেলা প্রশাসনের পদস্থ কর্তারা পরিস্থিতি সামাল দেন। এদিন কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে সেবা সেতু শিবিরেও অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ দেখান বেশি কিছু আবেদনকারী।
সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এদিন রাজ্যজুড়ে ১,০৮১টি শিবির হয়েছে। সর্বাধিক আবেদন জমা পড়ে বার্ধক্য ভাতার জন্য। পাশাপাশি, বাংলা সহায়তা কেন্দ্রের সংক্রান্ত পরিষেবা প্রদানের সংখ্যা ১ লক্ষ ৮৫ হাজার ৪২৭। ‘১২৫ দিনের কাজ’ পেতে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের আবেদন এসেছে ৬০ হাজার ১৮৫টি। আর এই প্রকল্পের আওতায় কাজ চেয়ে আবেদন করেছেন ১৫ হাজার ৫২৯ জন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সংক্রান্ত আবেদন এসেছে ১৯ হাজার ৯৪২টি। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার জন্য আসা আবেদনের সংখ্যা ৩৮ হাজার ৫৩৯। বিধবা ভাতা পেতে আবেদন এসেছে প্রায় ৩৯ হাজার। প্রথম দিনে সর্বাধিক ৯৭ হাজারের বেশি মানুষ এসেছে পূর্ব বর্ধমান জেলার শিবিরগুলিতে। আর সর্বনিম্ন কালিম্পং জেলায়, যেখানে শিবিরে এসেছেন মোট ৪,৩৩৫ জন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ