Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন দিমিত্রিরা

ফিটনেস, ফিটনেস আর ফিটনেস। মোহন বাগান ড্রেসিং-রুমে অদৃশ্য সাইন বোর্ডে এখন এই একটাই শব্দ লেখা।

গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন দিমিত্রিরা
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিটনেস, ফিটনেস আর ফিটনেস। মোহন বাগান ড্রেসিং-রুমে অদৃশ্য সাইন বোর্ডে এখন এই একটাই শব্দ লেখা। বুধবার বিকেলে ক্লাবের মাঠে অনুশীলনেও ধরা পড়ল সেই ছবি। প্রায় দু’ঘণ্টার প্র্যাকটিসে সিংহভাগ সময় ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরেই জোর দিয়েছিলেন কোচ হোসে মোলিনা। তিনি জানেন, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র বৈতরণী পার করতে হলে সঠিক রণকৌশলের সঙ্গে ফুটবলারদের ফিট থাকা অত্যন্ত জরুরি। হাতে সময় কম। তাই দলের প্রস্তুতি পরখ করতে আগামী মঙ্গলবার কলকাতায় এফসি গোয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহন বাগান। উল্লেখ্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র অন্য গ্রুপে রয়েছে গোয়ার দলটি।   

Advertisement

১৬ সেপ্টেম্বর এসিএল-টু’এর গ্রুপ লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে সবুজ-মেরুনের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানে দল আহল এফকে। বিদেশি ফুটবলার না থাকলেও জাতীয় দলের ছয়জন রয়েছেন স্কোয়াডে। গড় বয়স ২৫ বছর। এমন তরুণ তুর্কিদের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নেওয়ার জন্য পুরো ম্যাচ ছুটতে হবে। বিশেষভাবে নজর রাখতে হবে অধিনায়ক এলমান তাগাইভের ওপর। ডানপ্রান্ত থেকে আক্রমণ তৈরি করেন তিনি। বিপক্ষের শক্তি-দুর্বলতা ইতিমধ্যেই নোটবুকে তুলে রেখেছেন কোচ মোলিনা। সেই মতোই প্রস্তুতি সারছে সবুজ-মেরুন ব্রিগেড। এদিন প্রথম এক ঘণ্টা ফুটবলারদের কালঘাম নিংড়ে নিলেন স্প্যানিশ কোচ। এরপর দলকে চার ভাগে ভাগ করে চলল ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস। দলের সঙ্গে পুরোদমে গা ঘামালেন রবসন। সিচুয়েশন প্র্যাকটিসে ব্রাজিলিয়ান মিডিওকে প্রথমে উইংয়ে ব্যবহার করলেও পরে বেশ কিছুক্ষণ নম্বর নাইন পজিশনেও ঝালিয়ে নিলেন মোলিনা। তবে এদিনও মাঠের বাইরে একাই ট্রেনিং করতে দেখা গেল জেমি ম্যাকলারেনকে। সূত্রের খবর, পিঠে চোট রয়েছে তাঁর। রিহ্যাব করলেন অনিরুদ্ধ থাপাও। উল্লেখ্য, এদিন মোহন বাগানে এসে পৌঁছাল এসিএল-টু’এর ম্যাচ বল ‘প্যারাডাইস’। বৃহস্পতিবার থেকে সেই বলেই অনুশীলন করবেন লিস্টন-দিমিত্রিরা।

সম্পর্কিত সংবাদ