রাজু চক্রবর্তী, কলকাতা: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, বঙ্গ বিজেপিতে তত চওড়া হচ্ছে ফাটল। এককথায় ঠিক গত লোকসভা নির্বাচনের মতো চিত্রনাট্যের পুনরাবৃত্তি। এবারও দলের আদি নেতাদের কোণঠাসা করতে সক্রিয় দলবদলু-তৎকাল নেতারা। ফের নিশানায় দিলীপ ঘোষ। যাঁর সভাপতিত্বে পশ্চিমবঙ্গ বিজেপি গঠনের পর থেকে এখনও পর্যন্ত ২০১৯ লোকসভা ও ২০২১ বিধানসভা ভোটে সর্বোচ্চ আসন পেয়েছিল। এহেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে আবার ‘পিছন থেকে ছুরি’ মারতে উদ্যত পার্টির একাংশ। সূত্রের দাবি, আসন্ন নির্বাচনে দিলীপ ঘোষকে পদ্ম প্রতীকে লড়াতে চাইছে পার্টি। কিন্তু বিতর্ক বেঁধেছে তাঁর সম্ভাব্য কেন্দ্র কী হবে, তা ঘিরে। দিলীপবাবু ২০১৬ সালে খড়্গপুর (সদর) কেন্দ্র থেকে প্রথমবার লড়াই করে জয়লাভ করেছিলেন। এবারও তিনি সেই কেন্দ্রে লড়তে ইচ্ছুক। কিন্তু দলবদলু নেতারা সেই পরিকল্পনা ভেস্তে দিতে ‘অপারেশন’ শুরু করে দিয়েছেন। রাজ্য কমিটির এক নেতার দাবি, ভিনদল কিংবা ভিন্ন পেশা থেকে হঠাৎ করে আসা কিছু নেতা পার্টির ক্ষতি করছে। কৌশলে তাঁরা নিশ্চিত করতে চাইছেন, তৃণমূলের শক্তগড়ে দিলীপ ঘোষকে প্রার্থী করা হোক। এমনকি ভবানীপুর থেকে লড়াই করানোর ‘ছক’ও কষা হচ্ছে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল-ভুপেন্দ্র যাদবদের সঙ্গে একাধিক ‘সিটিং’ হয়েছে ওই দলবদলুদের।



