সংবাদদাতা, কাঁথি: দীঘার জগন্নাথ মন্দিরের পরিষেবা উন্নয়নে বিশেষভাবে জোর দিচ্ছে রাজ্য সরকার। উদ্বোধনের পর থেকে প্রতিদিনই মন্দির দর্শনে প্রচুর মানুষ আসছে। পর্যটকদের কাছে দীঘার আকর্ষণ বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে পরিষেবা ক্ষেত্রে কী কী উন্নতি করা যায়, তা নিয়ে শুক্রবার বৈঠক করেন মন্ত্রী তথা হিডকোর চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন দুপুরে প্রায় দু’ঘণ্টা মন্দির ট্রাস্টের সদস্য ও জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। মন্দির দর্শনে মানুষের কোনও অসুবিধা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি উন্নত পরিষেবা দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে মন্দির চত্বরে দর্শনার্থীদের জন্য বসে ভোগ খাওয়ার ব্যবস্থা করেছে ট্রাস্ট কমিটি। সেখানে প্রায় এক হাজার মানুষ বসে ভোগ গ্রহণ করতে পারেন। আগামী দিনে কীভাবে এই ব্যবস্থা অন্তত দু’হাজার মানুষের জন্য করা যায়, তা নিয়ে আলোচনা হয় এদিন। এর জন্য তোড়জোড়ও শীঘ্রই শুরু হচ্ছে বলে খবর। বর্তমানে শামিয়ানা খাটিয়ে ভক্তদের বসানোর ব্যবস্থা রয়েছে। ভোগ পাওয়ার জন্য স্থায়ী ভোজনালয় করা যায় কি না, আলোচনা হয়। ভোজনালয় তৈরির ব্যাপারে মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আর্জি জানান প্রশাসনিক আধিকারিক ও মন্দির ট্রাস্টের সদস্যরা। ভোগের গুণগত মান যাতে ঠিক থাকে, সেই দিকেও বিশেষ নজর দিতে নির্দেশ দেন মন্ত্রী।



