Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লালবাজারের নজরে ডায়মন্ডহারবার রোড, এক সপ্তাহ সচেতনতা শিবির

ডায়মন্ডহারবার রোড। শহর কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ অংশের অন্যতম যোগসূত্র। অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক। এই রাস্তায় গত তিন বছরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের।

লালবাজারের নজরে ডায়মন্ডহারবার রোড, এক সপ্তাহ সচেতনতা শিবির
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়মন্ডহারবার রোড। শহর কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ অংশের অন্যতম যোগসূত্র। অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক। এই রাস্তায় গত তিন বছরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। ‘বর্তমান’-এ এই উদ্বেগের খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসল লালবাজার। ডায়মন্ডহারবার রোডের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে তারা। সেই সূত্রেই এই রাস্তার ব্যস্ত ক্রসিংগুলিতে শুরু হল বিশেষ পথনিরাপত্তা সপ্তাহ কর্মসূচি। এক্ষেত্রে ট্রাফিক বিভাগ মূলত নজর দিচ্ছে বেহালা চৌরাস্তা থেকে জোকা পর্যম্ত ৪ কিলোমিটার অংশকে। বুধবার থেকে লাগু হয়েছে বিশেষ নিরাপত্তা বিধি এবং সচেতনতা প্রচার। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। 

Advertisement

লালবাজারের ট্রাফিক বিভাগের পরিসংখ্যান শাখা সূত্রে খবর, গত তিন বছরে ডায়মন্ডহারবার রোডের চৌরাস্তা ক্রসিংয়ে দুর্ঘটনাতেই চার জনের মৃত্যু হয়েছে। সবক’টি ক্ষেত্রেই দুর্ঘটনার সময় গভীর রাত বা ভোর। অর্থাৎ, অফিসটাইম নয়, এমন সময়ে ঘটছে দুর্ঘটনা। ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্তারা দুর্ঘটনার স্থান-কাল-পাত্র বিশ্লেষণ করে দেখেছেন, রাস্তা তুলনামূলক ফাঁকা থাকলেই গতি বাড়িয়ে দিচ্ছেন চালকরা। তার ফলে ঘটছে দুর্ঘটনা। তবে কিছু ক্ষেত্রে ‘ব্লাইন্ড স্পট’-এর গেরোয় পড়ে প্রাণ গিয়েছে পথচারীর। 
লালবাজারের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, এই অবস্থায় দুর্ঘটনার কারণগুলি চিহ্নিত করে সমাধানের চেষ্টা হচ্ছে। চৌরাস্তা মোড়ে দুর্ঘটনার ‘ইতিহাস’ খতিয়ে দেখে সচেতনতা প্রচারের কর্মসূচিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, এলাকায় পথনিরাপত্তা বিধি নিয়ে মাইক প্রচার করা হচ্ছে। ভারী পণ্যবাহী গাড়ি ও বাস, মিনিবাসের চালকদের ‘ব্লাইন্ড স্পটে’ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছে ট্রাফিক গার্ড। বাস বা কোনো গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে সচল হওয়ার আগে বনেটের সামনে রাস্তার কোন কোন অংশে বাড়তি নজর দিতে হবে, তা জানাচ্ছে পুলিশ। সেই সঙ্গে শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তা পারাপারের আঁটোসাঁটো ব্যবস্থা করছে ট্রাফিক গার্ড। দিনের ব্যস্ত সময়ের পাশাপাশি তুলনামূলক ফাঁকা রাস্তাতেও নিয়ম মেনে রাস্তা পারাপার করায় জোর দেওয়া হচ্ছে। 
অফিস টাইমে ডায়মন্ডহারবার রোডে প্রচুর সাইকেল চলাচল করে। তাঁদের রাস্তার বাম দিক বরাবর সাইকেল চালানোর নির্দেশ দেয় পুলিশ। জানিয়ে দেওয়া হয়, তাঁদেরও ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। তাছাড়া পুলিশ পর্যালোচনায় দেখেছে, এই রাস্তায় দুর্ঘটনার অন্যতম একটি কারণ পণ্যবাহী যানের চালকদের বেপরোয়া গতি। বুধবারের কর্মসূচিতে তাঁদেরও ‘সাবধান’ করে দিয়েছে পুলিশ। সপ্তাহভর সচেতনতা প্রচার চলবে চৌরাস্তা, ঠাকুরপুকুর, জোকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে।

Advertisement
সম্পর্কিত সংবাদ