নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার ভোরে ধূলাগড়ে জাতীয় সড়কের পাশে থাকা পরপর চারটি দোকানে অগ্নিকাণ্ড ঘটে। ভোট চারটে নাগাদ আচমকাই একটি বন্ধ মিষ্টির দোকান থেকে প্রথমে আগুন বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি দোকানে। বাঁশ ও টিনের ছাউনি দেওয়া দোকানগুলিতে জল ছিটিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তাঁরা। এরপরেই দমকলে খবর দেওয়া হয়। দু’টি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি দোকান বন্ধ অবস্থায় ছিল। একটি দোকানের ভিতরে সম্ভবত শর্ট-সার্কিট থেকে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই পরপর দোকানে আগুন ধরে যায়। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কেউ আহত হননি।



