নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এক নাবালিকা নিখোঁজের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বেড়াচাঁপা দেউলিয়া হাইস্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে দাবি পরিবারের। পুলিসে অভিযোগ জানানোর পর ছ’মাস কেটে গেলেও তরুণীকে উদ্ধার করতে না পারায় হাইকোর্টের দ্বারস্থ হন নাবালিকার বাবা। তাঁর অভিযোগ, মাটিয়া থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বাছার নামের এক যুবক মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করেছে। এব্যাপারে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিসের তরফে নাবালিকাকে উদ্ধারের কোনও পদক্ষেপ করা হয়নি। পরিবারের সন্দেহ, সীমান্ত এলাকা হওয়ায় মেয়ে পাচার হয়ে থাকতে পারে।
Advertisement
বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের তরফে জানানো হয়, ওই নাবালিকাকে উদ্ধার করতে সব রকম পদক্ষেপ করেছে পুলিস। যদিও এখনও তার হদিশ মেলেনি। এই বক্তব্য শোনার পর নির্দেশে বিচারপতি জানান, যেহেতু ঘটনার পর ছ’মাস কেটে গিয়েছে, তাই এবার এই ঘটনার তদন্তভার সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটকে দেওয়া হচ্ছে।



