তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে ভয় পেয়েছে বিজেপি। এমনটাই তোপ তৃণমূলের। কারণ, আজ, মঙ্গলবার বীরভূমের রামপুরহাটে জনসভা করার কথা ছিল অভিষেকের। কিন্তু অভিষেকের কপ্টারের ওড়ার অনুমতি এখনও পর্যন্ত দেয়নি ডিজিসিএ। কেন অনুমতি দেওয়া হচ্ছে না? উত্তর দেয়নি ডিজিসিএ। এই মুহূর্তে বেহালা ফ্লাইং ক্লাবেই বসে রয়েছেন অভিষেক। আজ, মঙ্গলবার তাঁর প্রথমে যাওয়ার কথা ছিল তারাপীঠ মন্দিরে। সেখানে পুজো দিয়ে রামপুরহাটে জনসভা করতেন তৃণমূল সাংসদ। তারপর সেখান থেকে হাসপাতালে সোনালি খাতুনকে দেখতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ডিজিসিএ অনুমতি না দেওয়ায় এখনও পর্যন্ত অভিষেকের কপ্টার উড়তে পারেনি। সূত্রের খবর, সড়ক পথে বীরভূমের রামপুরহাটে যেতে পারেন অভিষেক।



