Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রাবণের প্রথম সোমবারেই ভক্তদের ভিড় পুরুলিয়ার বিভিন্ন শিবমন্দিরে

শ্রাবণ মাসের প্রথম সোমবারেই শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় উপচে পড়ল। এদিন পুরুলিয়ার পুঞ্চা থানার বারমেশ্যা রামনগর অঞ্চলের বুধপুর শিব মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শ্রাবণের প্রথম সোমবারেই ভক্তদের ভিড় পুরুলিয়ার বিভিন্ন শিবমন্দিরে
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানবাজার: শ্রাবণ মাসের প্রথম সোমবারেই শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় উপচে পড়ল। এদিন পুরুলিয়ার পুঞ্চা থানার বারমেশ্যা রামনগর অঞ্চলের বুধপুর শিব মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোর থেকে লাইন দিয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা যায় পুরুষ ও মহিলাদের। তবে এদিন পুরুষের তুলনায় মহিলাদের মন্দির চত্বরে দীর্ঘ লাইন ছিল। বুধপুর বাবা বুদ্ধেশ্বরের মন্দির শতাব্দী প্রাচীন। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কংসাবতী নদী থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালতে দেখা যায় পুণ্যার্থীদের। সকালেই মন্দির চত্বরে লম্বা লাইন পড়ে যায়। পরে বেলার দিকে ভিড় আরও বাড়ে। বিকেল পর্যন্ত মন্দির চত্বরে পুন্যার্থীদের ভিড় ছিল। শিবের মাথায় জল ঢালতে আসা এক পুণ্যার্থী রুপা মাহাতো বলেন, প্রথম সোমবারে ভিড় কম হবে ভেবেই এসেছিলাম। কিন্তু এসে দেখি লম্বা লাইন। ঘন্টা দুই অপেক্ষা করার পর মন্দির প্রবেশ করতে পেরেছি। এদিন মন্দির চত্বরে ভিড় সামাল দিতে পুঞ্চা থানা পুলিস ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন ছিল। অন্যদিকে পুঞ্চার চাঁদড়া পায়রাচালী অঞ্চলের ভগড়া শিব মন্দিরেও ছিল ভক্তদের ভিড়। সেখানেও সারাদিন চলে পূজা পাট। মন্দির কমিটিগুলো থেকে জানা যায়, শ্রাবণ মাসের সোমবারগুলোতে প্রচুর মানুষের সমাগম হয় এই প্রাচীন মন্দিরগুলোতে। অনেকেই ভিড়ের জন্য সোমবার বাদ দিয়েও অন্যান্য দিনও এসে জল ঢেলে যান। কার্যত পুরো শ্রাবণ মাস জুড়ে মন্দির চত্বরে ভিড় থাকে ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ