ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে জেলাজুড়ে উন্নয়নমূলক কাজ চলছে। রাস্তা সারানো, নিকাশি নালা পরিষ্কারের, কাজ চলছে। আজ, মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রামে জিতুশোল এলাকায় লোধাশুলি-ঝাড়গ্রাম রাস্তার পাশে জমে থাকা জল সরানোর কাজ চলছিল। রাজ্য পূর্ত দপ্তরের গোপীবল্লভপুর ডিভিশনের এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও দু’জন জুনিয়র ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে রাস্তার পাশে জমে থাকা জল সরানোর কাজ চলছিল। রাস্তার পাশের মাটি কাটার সময় স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দেন। অভিযোগ, তিনজন ইঞ্জিনিয়ারকে মারধর করা হয়। পূর্ত দপ্তরের পক্ষ থেকে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দপ্তরের আধিকারিকরা ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে।



