নিউ ইয়র্ক: আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৪৮। এত বেশি দল এর আগে কখনও এই প্রতিযোগিতায় খেলেনি। শুক্রবার ওয়াশিংটনের কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে আয়োজিত হল গ্রুপ বিন্যাস। আসন্ন বিশ্বকাপে জন্য ছ’টি নতুন দেশ প্রতিনিধিত্ব করবে। একইসঙ্গে এবারই প্রথম তিনটি ভিন্ন দেশে আয়োজিত হবে এই মেগা আসর। আমেরিকা, মেক্সিকোর পাশাপাশি কানাডাতেও হবে বেশ কিছু ম্যাচ। শুক্রবারের ড্রয়ে সকলের নজর ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্তিনার উপরে। অপেক্ষাকৃত সহজ গ্রুপেই রয়েছে লায়োনেল স্কালোনি ব্রিগেড। গ্রুপ আই’তে লিও মেসিদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। এছাড়া অপর দু’টি দল হল অস্ট্রিয়া ও জর্ডন। শক্তির বিচারে এরা প্রত্যেকেই আর্জেন্তিনার চেয়ে কয়েক যোজন পিছিয়ে। তবে কোনও প্রতিপক্ষকেই হাল্কাভাবে নিতে নারাজ কোচ স্কালোনি।
গ্রুপ বিন্যাস শেষে সাংবাদিক সম্মেলনে মেসিদের হেড স্যার বলেন, ‘বিশ্বকাপের আসরে কোনও প্রতিপক্ষই সহজ নয়। গতবারের আসরে সৌদি আরবই ছিল তার জ্বলন্ত উদাহরণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের বিরুদ্ধে হার আমাদের অনেক কিছু শিখিয়েছিল। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বাকি টুর্নামেন্টে ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এবার লক্ষ্য থাকবে, শুরু থেকে সেরাটা মেলে ধরার। আলজেরিয়া বাছাই পর্বে দারুণ ফল করেছে। তাছাড়া অস্ট্রিয়া ও জর্ডনও কঠিন পথ অতিক্রম করে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছেছে। তাই আমাদের জন্য প্রতিটি প্রতিপক্ষই সমান।’
এদিকে, গ্রুপ-আই’কে আসন্ন বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্স, নরওয়ে, সেনেগালের পাশাপাশি বাছাই পর্বের একটি দল এই গ্রুপে জায়গা পাবে। উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে নরওয়ে। এছাড়া সেনেগালও বেশ ভালো ফল করেছে। আফ্রিকা অঞ্চলে গ্রুপ বি’তে শীর্ষে শেষ করে তারা। এই প্রসঙ্গে ফরাসি কোচ দেশঁর মন্তব্য, ‘বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপে লড়তে হবে আমাদের। তাতে কোনও সন্দেহ নেই। তবে ছেলেরা জানে, বিশ্বকাপের গুরুত্ব কতটা।’
অন্যদিকে, কার্লো আনসেলোত্তির প্রশিক্ষণে বিশ্বকাপের অভিযান শুরু করবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা রয়েছে গ্রুপ সি’তে। তাদের প্রতিপক্ষ যথাক্রমে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ফলে লড়াইটা খুব একটা সহজ হবে না সেলেকাওদের। তারউপর দেশের সেরা তারকা নেইমারের খেলা নিয়ে চর্চা অব্যাহত।
২০২৬ বিশ্বকাপেই শেষবারের জন্য দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। গ্রুপ কে’তে পর্তুগালের প্রতিপক্ষ উজবেস্তিান, কলম্বিয়া ও বাছাই পর্বের দল। আসন্ন আসরে সিআরসেভেনের জন্য বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপাতে চাইছেন কোচ রর্বাতো মার্তিনেজ।



