Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নথি জমা ও আবেদন সত্ত্বেও এখনও মুর্শিদাবাদ জেলায় বহু ভোটারের নাম বিচারাধীন

মুর্শিদাবাদে ২,৪০৮ ভোটারের নাম এখনও বিচারাধীন। বিধায়ক বাবর আলি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। বিস্তারিত পড়ুন।

নথি জমা ও আবেদন সত্ত্বেও এখনও মুর্শিদাবাদ জেলায় বহু ভোটারের নাম বিচারাধীন
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: এসআইআর-এ গোছা গোছা নথি জমা দেওয়ার পরও ওঠেনি ভোটার তালিকায় নাম। আবার ডিলিটও হয়নি। বদলে এখনও নামের পাশে ঝুলছে ‘বিচারাধীন’ তকমা। ফলে একদিকে যেমন ভোটার তালিকায় নাম না ওঠার অনিশ্চয়তা কাটছে না, তেমনই আনুষ্ঠানিকভাবে নাম বাদ না যাওয়ায় ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার পথও বন্ধ। দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে দরবার করেও সমস্যার সমাধান হয়নি। তাই এবারে বিধানসভা এলাকার কয়েক হাজার বাসিন্দার এই সমস্যা তুলে ধরতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন জলঙ্গির বিধায়ক বাবর আলি। দিন দু’য়েক আগে তিনি রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেন।

Advertisement

প্রসঙ্গত, এসআইআর চলাকালীন শুনানির সময়ে বহু ভোটারের কাছ থেকে একাধিক নথি জমা নেওয়া হয়েছিল। পরে তালিকা প্রকাশের সময় দেখা যায়, বহু নামের পাশে ‘বিচারাধীন’ লেখা রয়েছে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ওই ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেন বিচারকরা। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর ধাপে ধাপে সংযোজিত ও বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করা হয়। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে যাচাই প্রক্রিয়া চলার পর এপ্রিলের শুরুতে প্রকাশিত হয় চূড়ান্ত তালিকা। কিন্তু অভিযোগ, সেই তালিকাতেও জলঙ্গি ব্লকের ২,৪০৮ জন বাসিন্দার নামের পাশে ‘বিচারাধীন’ তকমা বহাল থাকে।
অভিযোগ, এরপর কয়েক মাস কেটে গেলেও তাঁদের নাম না ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, না আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট বাসিন্দারা। স্থানীয় বিধায়ক বাবর আলিও জেলা প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরেছিলেন। কিন্তু এতদিনেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তিনি। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে পুরো বিষয়টি তুলে ধরেন বাবর আলি। বিধায়কের বলেন, শুধুমাত্র জলঙ্গি ব্লকেই ২,৪০৮ জন বাসিন্দার নামের পাশে এখনও বিচারাধীন তকমা ঝুলছে। ফলে ওই সব মানুষ ভীষণ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এর আগে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই বিষয়টি নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের দ্বারস্থ হয়েছিলাম। কমিশনের কর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট ভোটারদের যাচাইবাছাই হয়েছে। তবে প্রযুক্তিগত যান্ত্রিক ত্রুটির কারণে সেই তথ্য তালিকায় প্রতিফলিত করা যায়নি। দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি মুখ্য নির্বাচন কমিশনের কাছেও জানানো হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ