


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। বারবার সারাইয়ের আবেদন করেও কোন কাজ হয় নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টাকা বরাদ্দ হয়েছিল। রাস্তায় লাগানো হয়েছিল পাড়ায় সমাধানের বোর্ডও। অথচ রাস্তা তৈরি হয়নি। আজ জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েতের জমিদার পাড়ার বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। অভিযোগ সরকারি প্রকল্পে দুর্নীতির। বাসিন্দাদের দাবি, পাড়ায় সমাধানে রাস্তা তৈরি হওয়ার কথা ছিল। বোর্ড লাগিয়ে দিয়ে চলে যান ঠিকাদার। এক কোদাল মাটিও পড়েনি।
কাজের বরাত পাওয়া ঠিকাদার মিঠুন সরকারের দাবি, রাস্তা সরু হওয়ায় নির্মাণ সামগ্রীর গাড়ি ঢোকানো যায়নি। সেই জন্যই রাস্তা তৈরির কাজ শুরু করা যায়নি। এখন প্রশ্ন উঠছে কাজ না হলে বোর্ড লাগানো হল কেন? ঠিকাদারের দাবি, কাজ হবে বলে এক বাসিন্দার বাড়ি বোর্ড রেখে দিয়ে আসা হয়েছিল।
তবে শুধু বেহাল রাস্তাই নয়, এই এলাকার নিকাশী ব্যবস্থারও তথৈবচ অবস্থা বলে দাবি স্থানীয়দের। পাড়ায় সমাধানে লক্ষাধিক টাকা ব্যয়ে ড্রেন তৈরি হওয়ার কথা ছিল। সেই বোর্ডও লাগানো আছে। কিন্তু ড্রেন তৈরি হয়নি। ক্ষুব্ধ জমিদারপাড়া এলাকার বাসিন্দাদের দাবি ব্যাপক দুর্নীতি হয়েছে নিকাশী কাজের নামেও। ড্রেন না হওয়ায় বৃষ্টিতে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। অভিযোগ এলাকার বাসিন্দাদের। স্থানীয়দের আশা রাজ্যে পালাবদলের পর তাদের রোজকার দুর্ভোগেরও অবসান হবে।