ভোপাল: অপারেশন সিন্দুর চলাকালীন কর্নেল সোফিয়া কুরেশির সম্পর্কে কুমন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের জনজাতি উন্নয়ন মন্ত্রী বিজয় শাহ। এব্যাপারে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে নারাজ রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ করেছিল। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হল। ওই বৈঠকে ছিলেন অভিযুক্ত মন্ত্রীও। একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ক্যাবিনেট বৈঠকের আলোচ্যসূচিতে এই সিদ্ধান্তের কথা ছিল না। ওই সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকজন আধিকারিক ছাড়া বাকি সকলকে বেরিয়ে যেতে বলা হয়। এরপর মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, তিনবার ক্ষমা চেয়েছেন শাহ। তাই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দেওয়া হবে না। সেটা মেনে নেয় ক্যাবিনেট।



