নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে খাদ্যদপ্তর। নতুন করে কোনও পরিবার নয়া রেশন কার্ডের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট আধিকারিককে আবেদনকারীর বাড়িতে গিয়ে সব কিছু খতিয়ে দেখতে হবে। সম্প্রতি খাদ্যদপ্তর যে নতুন পিডিএস কন্ট্রোল অর্ডার জারি করেছে, তাতেই একথার উল্লেখ রয়েছে। বলা হয়েছে, রেশন কার্ড ইস্যুর জন্য যে মাপকাঠি (ইনক্লুশন/এক্সক্লুশন ক্রাইটেরিয়া) রয়েছে, আবেদনকারী তার মধ্যে পড়ছেন কি না, তা যাচাই করতে হবে।
প্রসঙ্গত, রেশন কার্ডের ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলের জন্য পৃথক ইনক্লুশন ও এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে। কেন্দ্রের এই মাপকাঠি রাজ্য সরকারও গ্রহণ করেছে। রেশন কার্ডের আবেদনের ফর্মেই এই দুই মাপকাঠির উল্লেখ রয়েছে। পারিবারিক আয়, নিজস্ব বাড়ি কি না, বাড়িতে কী কী ভোগ্যপণ্য ও আধুনিক গেজেট রয়েছে, গাড়ি থাকলে সেটি চারচাকার নাকি দু’চাকার, পরিবারে কেউ সরকারি চাকরিজীবী আছেন কি না, ইত্যাদি জানতে চাওয়া হয়। ইনক্লুশন ক্রাইটেরিয়ায় নির্দিষ্ট কিছু আর্থ-সামাজিক মাপকাঠি পূরণ হলে সংশ্লিষ্টকে রেশন কার্ড দেওয়া যায়। যেমন তফসিলি জাতি বা উপজাতি গোষ্ঠীভুক্ত হলে তিনি সহজেই কার্ড পেয়ে যাবেন। বাড়িতে বিদ্যুৎ ও পাকা শৌচাগার না থাকা, বাড়ির কাছে পানীয় জলের ব্যবস্থা না থাকা ইত্যাদি বিষয়কেও রেশন কার্ড পাওয়ার মাপকাঠি হিসেবে ধরা হয়েছে। আবার এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে কয়েকটি নির্দিষ্ট আর্থ-সামাজিক মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে। সেই মাপকাঠির মধ্যে পরিবারের কেউ পড়লে তাঁরা রেশন কার্ড পাবেন না। যেমন শহরে কোনও পরিবারে ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, ওয়াশিং মেশিন, টু হুইলার প্রভৃতির মধ্যে একটির বেশি থাকলেই তাঁরা রেশন কার্ডের জন্য বিবেচিত হবেন না। পরিবারের কেউ আয়কর বা বৃত্তি কর দিলে কিংবা পরিবারে কেউ স্থায়ী সরকারি চাকরিজীবী থাকলে তাঁরাও রেশন কার্ডের আওতায় আসবেন না। তেমনই পাকা বাড়িতে তিনটি বা তার বেশি ঘর থাকলেও মিলবে না রেশন কার্ড। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এ প্রসঙ্গে বলেন, কার্ড পাওয়ার ক্ষেত্রে যে সব মাপকাঠি কেন্দ্র বেঁধে দিয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। পাকা শৌচাগার না থাকলে একটি পরিবার রেশন কার্ড পাবে, এই মাপকাঠি হাস্যকর। সরকারি ভর্তুকির খাদ্যশস্য কোন কোন পরিবার পাবেন, তার মাপকাঠি বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। এই বিষয়টি তাঁরা কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন। এদিকে, খাদ্যদপ্তর কিছু পরিবারকে নতুন করে অন্ত্যোদয় রেশন কার্ড দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে, সেখানে ইনক্লুশন ও এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলি যাচাই করতে বলা হয়েছে।