সংবাদদাতা, হলদিয়া: বুধবার রাত থেকে শুরু হল বিপজ্জনক হলদিয়া গেট ভেঙে ফেলার কাজ। ৫০ টনের দৈত্যাকৃতি টায়ার মাউন্টেড ক্রেনের সাহায্যে কাজ চলছে। তবে সন্ধ্যার পর দফায় দফায় প্রবল বৃষ্টিতে ব্যাহত হয়েছে কাজ। এদিন রাতভর কাজ করে ৪৪ টন ওজনের ওই গেট সরানো হবে বলে জানিয়েছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ (এইচডিএ)।
ব্যস্ততম জাতীয় সড়কের উপর ৬০ ফুট বা ছ’তলা বাড়ির সমান উঁচু ওই গেট সরানোর কাজ ছিল রীতিমতো চ্যালেঞ্জের ব্যাপার। সেইসঙ্গে রাত্রিবেলা ও বৃষ্টির মধ্যে কাজ আরও কঠিন হয়ে পড়েছে। তবে ইঞ্জিনিয়ার ও কুশলী টেকনিসিয়ানরা পরিশ্রম ও বুদ্ধিমত্তার সঙ্গে অসাধ্য সাধনের চেষ্টা করছেন। কয়েকমাস আগে ইঞ্জিনিয়াররা ওই গেটের কাঠামো 'বিপজ্জনক' ঘোষণা করার পরই ভেঙে ফেলার তোড়জোড় শুরু হয়। এইচডিএ টেন্ডার ডেকে হলদিয়ার একটি এজেন্সিকে ওই দায়িত্ব দেয়। গেট সরানোর জন্য ১১৬ নম্বর জাতীয় সড়ক ৩ সেপ্টেম্বর বুধবার রাত ৮টা থেকে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এইচডিএর পক্ষ থেকে। বিশাল আকৃতির ওই গেট কীভাবে ভেঙে ফেলা হবে তা নিয়ে এদিন স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা গিয়েছে।