ফিরদৌস হাসান, শ্রীনগর: অপারেশন সিন্দুরের পর থেকে জম্মু ও কাশ্মীর সীমান্তে উত্তেজনা তৈরি হয়। পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এরপর থেকেই মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। সীমান্তে ব্যাপক গোলাগুলি শুরু করে তারা। এরফলে সীমান্তবর্তী গ্রামগুলিতে এসে পড়ে পাক সেনার একের পর এক গোলা। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সীমান্তে পাকিস্তানের এই গুলিবৃষ্টির উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় বাহিনী। পাশাপাশি গ্রামবাসীদের রক্ষা করতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয় প্রশাসন। পুঞ্চ, রাজৌরি, কুপওয়ারার সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পর গোলাগুলি থেমেছে। এরইমধ্যে জম্মু ও কাশ্মীরের সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে জোরাল হয়ে উঠেছে আরও বেশি বাঙ্কার তৈরির দাবি। সীমান্ত সংগল্ন গ্রামগুলিতে রয়েছে কমিউনিটি বাঙ্কার। এর সংখ্যা আরও বাড়ানোর দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।



