Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেসের সময় পরিবর্তনের দাবি

অবিলম্বে কলকাতা থেকে রায়গঞ্জগামী রাধিকাপুর এক্সপ্রেসের সময় পরিবর্তনের দাবি উঠল।

কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেসের সময় পরিবর্তনের দাবি
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: অবিলম্বে কলকাতা থেকে রায়গঞ্জগামী রাধিকাপুর এক্সপ্রেসের সময় পরিবর্তনের দাবি উঠল। রায়গঞ্জের বণিক মহলের দাবি, রাত সাড়ে ন’টার পর কলকাতা থেকে ছেড়ে আসুক রায়গঞ্জগামী রাধিকাপুর এক্সপ্রেস। আর এই দাবিতেই এবার সরব হচ্ছে রায়গঞ্জের বণিক মহল। এনএফ রেলের কাটিহার ডিভিশনের রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির (ডিআরইউসিসি) সদস্য তথা রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী শনিবার এই দাবি তুলে সরব হলেন। এদিকে, এদিনই রায়গঞ্জ স্টেশন ম্যানেজারের কাছে প্ল্যাটফর্মের ওয়াটার এটিএম সংস্কার করে চালু, প্ল্যাটফর্মের শৌচাগার চালু সহ একাধিক দাবি নিয়ে সরব হন তিনি। যদিও এ ব্যাপারে বক্তব্য দিতে চাননি রায়গঞ্জের স্টেশন ম্যানেজার রাজু কুমার।

Advertisement

অতনু বলেন, রায়গঞ্জের বিভিন্ন মহলের মানুষ সহ ব্যবসায়ী মহল নিত্যদিন যাতায়াত করে কলকাতায়। তাঁরা চান একদিনের মধ্যে কলকাতায় পৌঁছে নিজেদের কাজ সেরে রায়গঞ্জে ফিরতে। অনেকে ট্রেনের অস্বাভাবিক একটি সময় সারণীর জন্য সেটা করতে পারেন না। বাধ্য হয়ে বাসে ফেরেন। কারণ রাত সাড়ে ন’টার পর রায়গঞ্জ থেকে কলকাতাগামী ট্রেন থাকলেও, কলকাতা থেকে রায়গঞ্জগামী রাধিকাপুর এক্সপ্রেস সন্ধেবেলায় ছাড়ে। কলকাতা স্টেশন থেকে রাত ৭ টা ৫০ মিনিটে এখন রাধিকাপুর এক্সপ্রেস ছাড়ে। ফলে কোনওরকমে বিকেলের মধ্যে কাজ সেরে  কার্যত একটি প্রান্তিক স্টেশন কলকাতা স্টেশনে আসতে হয়। অনেকে তাড়াহুড়ো করলেও অযথা ট্রেন ধরতে পারেন না। কলকাতায় সন্ধের সময় যানজটের কারণে স্টেশনে সময় মতো পৌঁছতে পারেন না। অনেক নিত্য যাত্রীকে আমি চিনি যাঁরা শ্যামবাজার থেকে আর জি কর পর্যন্ত রাস্তায় যানজটে আটকে রাধিকাপুর এক্সপ্রেস ধরতে পারেন না। বাধ্য হয়ে বাসে ফিরতে হয়। আমরা চাই, বিষয়টি নিয়ে রেল ব্যবস্থা নিক।

সম্পর্কিত সংবাদ