নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দূষণ মোকাবিলায় আবারও অসহায় আত্মসমর্পণ করল দিল্লির বিজেপি সরকার। সোমবার দিল্লি সরকারের পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা বললেন, দু’দিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হবে। আইএমডি জানিয়েছে, বুধবার থেকে আবহাওয়া ভালো হবে। আবহাওয়ার যদি উন্নতি হয়, তাহলে দিল্লির বাতাসে একিউআই’ও (এয়ার কোয়ালিটি ইনডেক্স) কমবে। পরিবেশ বিশেষজ্ঞ মহলের মতে, এর ফলে দিল্লির পরিবেশমন্ত্রী সাফ বুঝিয়ে দিলেন, দিল্লি-এনসিআরের দূষণ নিয়ন্ত্রণে অন্যতম প্রধান ভরসা আবহাওয়া। অন্য কারও কোনও হাত নেই। যদিও এদিন সিরসা ঘোষণা করেছেন, দেশের রাজধানী শহরে যেসব কলকারখানা দূষণ ছড়াচ্ছে, সেগুলিকে বিনা নোটিসে বন্ধ করে দেওয়া হবে। সোমবার থেকেই এই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে সোমবারই প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (ডিপিসিসি) এবং দিল্লি পুরনিগমের (এমসিডি) ডেপুটি কমিশনারদের কাছে। জানা গিয়েছে, ডিপিসিসি ইতিমধ্যেই ৪১১টি কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে। সোমবারও দূষণ মোকাবিলার লক্ষ্যে জরুরি পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আধিকারিকদের বলা হয়েছে, দূষণ বিধি পালনে নজরদারি বাড়াতে হবে। চলতি সপ্তাহেই ফের এই সংক্রান্ত বৈঠক করতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী।



