বাংলা ভাষাকে ২০২৪ সালের ৩ অক্টোবর ‘ক্ল্যাসিক’ ভাষার স্বীকৃতি দিয়েছে মোদি মন্ত্রিসভা। সেই ভাষাকেই অপমান করলেন অমিত শাহের মন্ত্রকের অধীনস্থ এক পুলিস অফিসার। বাংলার বদলে লিখলেন ‘বাংলাদেশি ভাষা’য় লেখা কিছু নথির ইংরেজি অথবা হিন্দিতে তর্জমা করে দিতে হবে। আর সেই চিঠি দেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারকে। দিল্লি পুলিসের এহেন চিঠিতে স্বভাবতই বিতর্কের ঝড় উঠেছে। ক্ষোভে ফুঁসে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব থেকে বাংলার একাধিক বুদ্ধিজীবী।
এবার সেই ইস্যুতে মুখ খুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। সোশ্যাল মিডিয়ায় দিল্লি পুলিসের এই বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন স্ট্যালিন। তিনি লিখেছেন, ‘এটা এমন একটি ভাষার উপর সরাসরি আক্রমণ, যে ভাষায় দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল। এই ধরনের বিবৃতি প্রকাশ অনিচ্ছাকৃত ভুল নয়, এই ঘটনা আসলে একটি জমানার অন্ধকারাচ্ছন্ন মানসিকতার বহিঃপ্রকাশ, যারা ধারাবাহিক ভাবে দেশের বৈচিত্র্যকে খাটো করার চেষ্টা করছে।’ পাশাপাশি বাংলা ভাষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকেও কুর্নিশ জানিয়েছেন ডিএমকে প্রধান।