Bartaman Logo
১০ জুন, ২০২৬

দূষণ রুখতে নয়া ফরমান দিল্লি সরকারের, না মানলে গুণতে হবে জরিমানা

নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশের বেশি কর্মীকে অফিসে ডাকতে পারবে না কোনও সংস্থা। বাকিরা কাজ করবেন বাড়ি থেকে (ওয়ার্ক ফ্রম হোম)।

দূষণ রুখতে নয়া ফরমান দিল্লি সরকারের, না মানলে গুণতে হবে জরিমানা
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর: বায়ু দূষণের বিষে জেরবার দিল্লি। যা নিয়ে দেশজুড়ে চর্চা চলছে। রাজধানীকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করছেন অনেকে। প্রবল সমালোচনার মুখে দূষণ রুখতে বিধিনিষেধের ক্ষেত্রে আরও কড়াকড়ি করল রেখা গুপ্তা সরকার। বুধবার প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশের বেশি কর্মীকে অফিসে ডাকতে পারবে না কোনও সংস্থা। বাকিরা কাজ করবেন বাড়ি থেকে (ওয়ার্ক ফ্রম হোম)। সরকারি এবং বেসরকারি উভয় সংস্থার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। নিয়মভঙ্গকারীদের জরিমানা হবে বলে সতর্ক করেছে সরকার।

Advertisement

দিল্লির দূষণ পরিস্থিতি এখনও গুরুতর। বুধবার সকালে রাজধানীর বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৩২৮। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল চারিদিক। শহরের ৪০টি বাতাসের মান পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩০টিতে পরিস্থিতি ছিল ‘খুব খারাপ’।
পরিস্থিতি মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দিল্লি প্রশাসন। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-৪ (জিআরএপি) চালু করা হয়েছে শহরজুড়ে। নির্দেশিকা অনুযায়ী, কোনও ট্রাক রাজধানীতে ঢুকতে পারবে না। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। সড়ক নির্মাণ সহ অন্যান্য সরকারি নির্মাণ প্রকল্প আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রাথমিক স্কুলের পাশাপাশি ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের হাইব্রিড (অনলাইন ও অফলাইন) পদ্ধতিতে ক্লাস চালু করার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রয়োজন ছাড়া সাধারণ নাগরিকদের, বিশেষ করে বৃদ্ধ-বৃদ্ধাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ