Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লির মুখ্যমন্ত্রীর রেখা গুপ্তার ঘর সাজাতেই খরচ ৬০ লক্ষ!

পাঁচটি টিভি ন’লক্ষ টাকার কিছু বেশি। ১৪টি এসির মূল্য কমবেশি আট লক্ষ টাকা। ২৩টি সিলিং ফ্যান দেড় লক্ষ টাকারও বেশি।

দিল্লির মুখ্যমন্ত্রীর রেখা গুপ্তার ঘর সাজাতেই খরচ ৬০ লক্ষ!
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচটি টিভি ন’লক্ষ টাকার কিছু বেশি। ১৪টি এসির মূল্য কমবেশি আট লক্ষ টাকা। ২৩টি সিলিং ফ্যান দেড় লক্ষ টাকারও বেশি। সিসিক্যামেরা, বাহারি ওয়াল ল্যাম্প, ওয়াশিং মেশিন, ডিশওয়াশারের মতো আরও একাধিক সামগ্রী সহ মোট মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারি বাসভবন সংস্কার করতে এরকমই খরচের পথে হাঁটছে সরকার। 

Advertisement

আপকে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় আসার আগে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ‘শিশমহল’ ইস্যুতে তীব্র প্রতিবাদে শামিল হয়েছিল বিজেপি শিবির। এমনকী বুধবারও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শিশমহল-কটাক্ষে বলেছেন, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কারণেই আমজনতার করের টাকায় এমন বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন কেজরি। হেরিটেজ প্রপার্টি যেমন মানুষ দেখতে যায়, শিশমহলও সেভাবেই দেখা প্রয়োজন। এই পরিস্থিতিতে খোদ দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোই লক্ষ লক্ষ টাকায় সংস্কার কেন হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই ব্যাপারে দরপত্র আহ্বান করেছে পূর্তদপ্তর। 
বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর শালিমার বাগের বাড়িতে থাকেন। রাজ নিবাস মার্গে বাংলো-১ এবং ২ তাঁর জন্য নির্ধারিত হয়েছে। বাংলো-১ এ তিনি থাকবেন। বাংলো-২ ব্যবহার হবে ক্যাম্প অফিস হিসেবে। প্রায় ৬০ লক্ষ টাকায় সংস্কার হতে চলেছে রাজ নিবাস মার্গের এই বাংলো-১। সরকারি সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ১৪টি সিসি ক্যামেরার জন্য খরচ হতে চলেছে প্রায় ছ’লক্ষ টাকা। ২৪ ঘণ্টাই যাতে মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোতে বিদ্যুৎ পরিষেবা থাকে, সেই লক্ষ্যে খরচ হবে প্রায় দু’লক্ষ টাকা। প্রায় ৯১ হাজার টাকা খরচ করে ছ’টি গিজার বসানো হবে। থাকবে ৭৭ হাজার টাকা মূল্যের একটি অটোমেটিক ওয়াশিং মেশিন, ৮৫ হাজার টাকা মূল্যের একটি ওভেন টোস্ট গ্রিল, ৬০ হাজার টাকার একটি ডিশওয়াশার। মাইক্রোওয়েভ থাকবে প্রায় ৩২ হাজার টাকার। ১১৫টি ল্যাম্প, ওয়াল-লাইটস, হ্যাঙ্গিং-লাইটস ও ৩টি ঝাড়বাতির দাম পড়বে প্রায় ৬ লক্ষ ৩ হাজার টাকা।

সম্পর্কিত সংবাদ