Bartaman Logo
৯ জুন, ২০২৬

পরিবেশ দূষণ রুখতে এবার জনতার দরবারে দিল্লির বিজেপি সরকার

একাধিক গালভরা ঘোষণা এবং প্রতিশ্রুতির ইতি। একার ক্ষমতায় আর কুলোচ্ছে না দিল্লির বিজেপি সরকারের। আর তাই দিল্লির দূষণ মোকাবিলার উপায় খুঁজতে এবার সাধারণ মানুষেরই দ্বারস্থ হয়েছে তারা।

পরিবেশ দূষণ রুখতে এবার জনতার দরবারে দিল্লির বিজেপি সরকার
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একাধিক গালভরা ঘোষণা এবং প্রতিশ্রুতির ইতি। একার ক্ষমতায় আর কুলোচ্ছে না দিল্লির বিজেপি সরকারের। আর তাই দিল্লির দূষণ মোকাবিলার উপায় খুঁজতে এবার সাধারণ মানুষেরই দ্বারস্থ হয়েছে তারা। দিল্লি তথা এনসিআরে দূষণ অসহনীয় মাত্রায় বৃদ্ধি পেয়েছে। অনধিক পাঁচ হাজার শব্দের মধ্যে জানান, কীভাবে এর নিয়ন্ত্রণ সম্ভব হবে। দিল্লি সরকারের নির্দেশেই সম্প্রতি এমনই নজিরবিহীন বিজ্ঞপ্তি জারি হয়েছে। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (ডিপিসিসি) এই বিঞ্জপ্তি জারি করেছে। শুধু সাধারণ মানুষ নয়। পরামর্শ চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ২২টি সংস্থা-প্রতিষ্ঠানের কাছ থেকেও। তার মধ্যে রয়েছে খড়্গপুর আইআইটি সহ একাধিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এবং আইএমডি। পরবর্তী ১৫ দিনের মধ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ হাজার পাঁচেক শব্দে ইমেল মারফৎ মতামত জানানোর আর্জি জানানো হয়েছে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত পরিকাঠামোগত উন্নয়ন হওয়ার কারণেই দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ এই শহরের বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা বড় একটা চ্যালেঞ্জ হয়ে ওঠেছে। তা এখানকার বাসিন্দাদের শরীর-স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। এই প্রসঙ্গেই এহেন কিছু সমস্যার উল্লেখ করা হয়েছে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটির বিজ্ঞপ্তিতে। এর মধ্যে রয়েছে যানবাহন থেকে দূষণ, কলকারখানার কারণে দূষণ, বিভিন্ন নির্মাণ কাজ হেতু সৃষ্ট দূষণ, শস্যের আগাছা পোড়ানোর কারণে দূষণ। এমনকী সাধারণ মানুষের সচেতনতার অভাবকেও এর জন্য দায়ী করা হয়েছে। এরই পাশাপাশি আরও একাধিক কারণকে দায়ী করেছে ডিপিসিসি। 
কমিটি জানিয়েছে, তারা যে মতামত পাবে, তা সেইমতোই দিল্লি সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। দিল্লি সরকার সেইসব পরামর্শ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, দিনকয়েক আগেই ধুলোর চাদরে ঢেকে গিয়েছিল দিল্লি-এনসিআর। দূষণ মাত্রা একধাক্কায় ‘সন্তোষজনক’ থেকে পৌঁছে গিয়েছিল ‘খারাপ’ মানে। একইসঙ্গে ফিরে এসেছিল দিল্লি-এনসিআরে শীতকালীন দূষণের চিরপরিচিত ছবি। আর এতেই স্পষ্ট, দিল্লির দূষণ নিয়ন্ত্রণের প্রথম পরীক্ষাতেই ব্যর্থ হয়েছে তিন মাস আগে দায়িত্ব নেওয়া বিজেপি সরকার।  মঙ্গলবার বিকেল চারটা নাগাদ দিল্লির বাতাসে গড় সার্বিক গুণমান সূচক ছিল ২০০-র বেশি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ