রাজ্য স্বাস্থ্য দপ্তরের টিম আসতেই জলপাইগুড়ি মেডিক্যালে শিশু চিকিৎসায় পরিকাঠামোর খামতি সামনে চলে এল। নিকু ও পিকু নেই। সি প্যাপ মেশিন থাকলেও তা চালু নেই। ভেন্টিলেটর নেই। এসএনসিইউতে মাত্র ২৭ টি বেড। একই বেডে একাধিক অসুস্থ শিশুকে রেখে চিকিৎসা করতে হচ্ছে। গত বছরের তুলনায় জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত সদ্যোজাত মৃত্যুর সংখ্যা কম হলেও কমেনি রেফার। আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের টিম ওই রেফার কমাতে নির্দেশ দেয়। ফলোআপ রুম নেই। সেটির ব্যবস্থা করতে বলা হয়। মেডিক্যাল কলেজ ঘুরে দেখার পর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। সেখানে জেলায় শিশু মৃত্যুর হার, অপুষ্টির শিকার শিশুর সংখ্যা নিয়ে খোঁজ খবর নেন তাঁরা।



