সিসি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত বৈষ্ণবতীর্থ নবদ্বীপকে
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: বৈষ্ণবতীর্থ মন্দিরনগরী নবদ্বীপ শহরের নিরাপত্তা জোরদার করতে চলেছে প্রশাসন। শহরের বিভিন্ন প্রবেশপথে ছ’টি বড় অত্যাধুনিক ক্যামেরা সহ শহরজুড়ে ১৩৪ নতুন সিসি ক্যামেরা বসানো হবে।  ফলে বাইরে থেকে কারা শহরে প্রবেশ করছেন, কোন পথে যাতায়াত করছেন, তা নজরদারির আওতায় আনা সম্ভব হবে। বিশেষ করে কোনো অপরাধ ঘটলে অভিযুক্তদের গতিবিধি খতিয়ে দেখতে ক্যামেরাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাতে শহরে অসামাজিক কাজকর্ম অনেকটাই কমবে, আশা প্রশাসনের। 

Advertisement

জানা গিয়েছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সংলগ্ন হেরিটেজ গেট ঘোষপাড়া, রেলগেট, ব্যাদড়াপাড়া গুমটি, বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন সংলগ্ন মালঞ্চপাড়া, বাবলারি এবং বড়ালঘাটের মতো গুরুত্বপূর্ণ  এলাকাগুলিতে অত্যাধুনিক ৬ ক্যামেরা বসতে চলেছে। নতুন ক্যামেরাগুলির সংযোগের ক্ষেত্রে প্রযুক্তিগত ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। এর আগেও শহরের বিভিন্ন জায়গায় বেশ কিছু সিসি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির অধিকাংশই বর্তমানে অচল। আগে ক্যামেরাগুলির সংযোগকারী তার মাটির উপর দিয়ে থাকত। ফলে নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে বড় বড় প্রতিমার শোভাযাত্রার সময় অনেকক্ষেত্রেই সেই তার কাটা পড়ত। এই সমস্যা এড়াতে নতুন ক্যামেরাগুলির তার মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। ক্যামেরাগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে নবদ্বীপ থানা ও পুরসভা।
নবদ্বীপ বোসপাড়ার বাসিন্দা বিশিষ্ট শিক্ষক ইন্দ্রনীল গোস্বামী বলেন, শহরের নিরাপত্তা জোরদার করতে বিধায়ক যেভাবে সিসি ক্যামেরা বসানোর উপর গুরুত্ব দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। চৈতন্যভূমি নবদ্বীপে প্রতিদিনই হাজার হাজার মানুষ মন্দির দর্শনে আসেন। সামনেই রাসপূর্ণিমা। সেই সময় রাসের প্রতিমা দর্শন করতে দেশ-বিদেশের অসংখ্য মানুষের সমাগম হয়। ভিড়ের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও থাকে। সে ক্ষেত্রে সিসি ক্যামেরায় নজরদারি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে প্রশাসনকে অনেকটাই সাহায্য করবে।
নবদ্বীপের দণ্ডপাণিতলার বাসিন্দা নবেন্দু সাহা বলেন, শহরে নজরদারি ক্যামেরা বসানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রাস উৎসবের আগেই ক্যামেরাগুলি বসালে আরও ভালো হয়। বিধায়কের কাছে আমার অনুরোধ, ক্যামেরা বসানোর পাশাপাশি সেগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়টিও যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। 
নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী বলেন, নতুন করে ১৩৪ সিসি ক্যামেরা বসানো হলে গোটা পুর এলাকায় নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আরও জোরদার হবে। কোনো অপরাধ বা অপ্রীতিকর ঘটনা ঘটলে অপরাধীদের দ্রুত চিহ্নিত করা যাবে। শহরের বিভিন্ন প্রবেশপথে ছ’টি অত্যাধুনিক ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার এই প্রকল্পের ডিপিআর জমা দেওয়া হয়েছে। বিধায়ক তহবিলের টাকায় ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। ক্যামেরাগুলির সংযোগ মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে, যাতে রাস উৎসবের সময় প্রতিমা ও শোভাযাত্রার কারণে তার বিচ্ছিন্ন করতে না হয়। আগের যে ক্যামেরাগুলি মধ্যে যেগুলি সারানো যাবে সেগুলিকে দ্রুত সারিয়ে ফেলা হবে। -নিজস্ব চিত্র