Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শুভেন্দুর কাছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আর্জি দেবের

শুভেন্দুর কাছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আর্জি দেবের
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: প্রশাসনিক বৈঠকে একই মঞ্চে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ঘাটালের সাংসদ দেব। অবধারিতভাবে ঩সেই বৈঠকে উঠল বহুচর্চিত ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রসঙ্গ। মঙ্গলবার কোলাঘাটের বলাকা মঞ্চে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার উন্নয়ন সংক্রান্ত বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দেব ঘাটাল মাস্টারপ্ল্যান দ্রুত কার্যকর করার জন্য রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আর্জি রাখেন। এটি ঘাটালাবাসীর কাছে তাঁর অঙ্গীকার বলেও জানান দেব। ঘাটালের সাংসদের কথা শেষ হতেই শুভেন্দু অধিকারী জানান, এবারের ভোটে ঘাটাল মাস্টারপ্ল্যান বিজেপিরও অঙ্গীকার ছিল। তাছাড়া, ঘাটাল, দাসপুর সহ সংলগ্ন এলাকার বিধানসভায় জয়ী হয়েছে বিজেপি। সুতরাং, এই কাজ দ্রুততার সঙ্গে এগবে বলে দেবকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

এদিন বৈঠক থেকে বেরিয়ে দেব বলেন, আমি ঘাটাল লোকসভার প্রতিনিধি। এই ঘাটালের সবচেয়ে সব সমস্যা হল বন্যা। ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ২০২৪সালে আমি ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রতিশ্রুতি দিয়ে ভোটে প্রার্থী হই। দিদি কথা রেখেছেন। মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়েছিল। এবার বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় এসেছে। তাই ঘাটাল লোকসভার প্রতিনিধি হিসেবে আমি মুখ্যমন্ত্রীর কাছে ঘাটাল মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন নিয়ে আবেদন রেখেছি। মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু জানিয়েছেন, ওই কাজ বর্তমান সরকার শেষ করবে। 
এদিন দেব বলেন, আমি সারাজীবন সৌজন্যের রাজনীতি করে এসেছি। আজ অনেকে বলছেন, দেব পালটে গেল। আমি বলছি, দেব পালটায়নি। আমি সবসময় মানুষকে ভালবাসা দেওয়ার রাজনীতি করেছি। আজ পর্যন্ত আমি কোনো দিন মঞ্চ থেকে কাউকে অপমান করিনি। নতুন কিছু করছি না। আমার ভালবাসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নতুন তৃণমূলেও যাচ্ছি না। ঘাটাল লোকসভার মানুষ একটা বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছেন। আমি ঘাটালবাসীর সেই স্বপ্ন পূরণ করার জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছি।
ঘাটালের রাজনীতির সঙ্গে এখানকার মাস্টারপ্ল্যান একাত্ম হয়ে গিয়েছে। ঘাটালের দীর্ঘ কয়েক দশকের সমস্যা বন্যা। ফি-বছর বন্যার ভোগান্তির হাত থেকে রেহা‌ই ঩দেওয়ার প্রতিশ্রুতি দেন নেতারা। সেই প্রতিশ্রুতি রাখার আগেই আবার একটা ভোট চলে আসে। এভাবেই ঘাটালবাসী নির্বাচনী প্রতিশ্রুতির নামে বছরের পর বছর প্রতারণার শিকার হয়ে আসছেন। যদিও ২০২৪সালে দেব তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘পাকা কথা’ আদায় করেই ভোটে প্রার্থী হন। সেই প্রকল্পের কাজ শুরুও হয়। কিন্তু, পালাবদলের পর ঘাটাল মাস্টারপ্ল্যানের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে দেব এর পাশাপাশি চিন্তিত ছিলেন ঘাটালবাসীও। তবে, মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, ঘাটালবাসীকে বন্যার হাত থেকে বাঁচানো তাঁদেরও নির্বাচনী এজেন্ডা ছিল। সুতরাং ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ বর্তমান সরকারই শেষ করবে।
এদিন ঘাটাল, দাসপুর, চন্দ্রকোণার বিধায়করাও বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিতে খুশি। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরেই ঘাটাল মাস্টারপ্ল্যানের দীর্ঘদিনের প্রতিশ্রুতি অবশেষে বাস্তবায়ন হবে বলে স্থানীয় বিজেপি বিধায়করাও বলতে শুরু করেছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ