Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জুলাই আন্দোলনের মুখ হাদির মৃত্যু, উত্তাল বাংলাদেশ

শেষপর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

জুলাই আন্দোলনের মুখ হাদির মৃত্যু, উত্তাল বাংলাদেশ
  • ২০ ডিসেম্বর, ২০২৫ ০১:১২
Prefer us on Google

ঢাকা: শেষপর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদের নির্বাচন ও গণভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছিলেন তীব্র ভারত বিরোধী হাদি। সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি শোনা গিয়েছিল তাঁর সমস্ত উস্কানিমূলক ভাষণেই। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইউনুস সরকারের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগের এক কর্মী হাদির মাথায় গুলি করেন।

Advertisement

বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই ঢাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। শাহবাগে কয়েক হাজার মানুষের জমায়েত হয়। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থানে ছাত্র-জনতা। সংবাদ মাধ্যমের অফিসে হামলা হয়েছে। আগুন লাগানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বিক্ষোভ শুরু হয়েছে। হাদির প্রয়াণের পরে রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন ইউনুস। তাঁর বার্তা, ‘ধৈর্য ও সংযম’ বজায় রাখতে হবে। তিনি জানান, শনিবার শোক দিবস পালন করা হবে। বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার আয়োজন করা হবে বিশেষ নমাজের। মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাদি নেছারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়ার কথা ছিল হাদির। 

Advertisement
সম্পর্কিত সংবাদ