নয়াদিল্লি: বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল দিল্লির উত্তমনগরের বিস্তীর্ণ এলাকা। সেখানকারই একটি গলি দিয়ে কাকিমার বাড়ি থেকে ফিরছিল ১৪ বছরের কৌশল। হঠাৎই পাশ দিয়ে দ্রুত গতিতে একটি গাড়ি যায়। জলের বড়ো স্রোতের ধাক্কায় ভারসাম্য হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে যুক্ত একটি লোহার পাইপ ধরে ফেলে সে। তাতেই হল বিপত্তি। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনালস্থলেই মৃত্যু হয় কৌশলের। স্থানীয়রা লাঠি দিয়ে ওই কৌশলের হাত পাইপ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেও হয়নি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে কিশোরের পরিবার। তাদের অভিযোগ, দিল্লি সরকার ও বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই এই ঘটনা। উত্তমনগরের বিজেপি বিধায়ক পবন শর্মার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, জমা জলের সমস্যা মেটাতে কোনো পদক্ষেপই নেননি বিধায়ক। শুধু তাই নয়, প্রশাসনের গাফিলতিতে এক কিশোরের মৃত্যু হলেও তাঁর পরিবারের সঙ্গে জনপ্রতিনিধি দেখা করতে যাননি। যদিও প্রাক্তন কংগ্রেস বিধায়ক এদিন মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



