Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শুনানিতে এসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ‘মৃত’ ভোটাররা

জীবিত ভোটারদের মৃত বলে চিহ্নিত করে ফর্ম ৭ জমা দিয়েছিলেন বিজেপি নেতা। হিলি ব্লকের আরও অনেককেই সন্দেহভাজনের তালিকায় এনে তাঁদের বিরুদ্ধে ফর্ম ৭ জমা করা হয়েছিল।

শুনানিতে এসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ‘মৃত’ ভোটাররা
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: জীবিত ভোটারদের মৃত বলে চিহ্নিত করে ফর্ম ৭ জমা দিয়েছিলেন বিজেপি নেতা। হিলি ব্লকের আরও অনেককেই সন্দেহভাজনের তালিকায় এনে তাঁদের বিরুদ্ধে ফর্ম ৭ জমা করা হয়েছিল। বুধবার হিলি ব্লক অফিসে শুনানি কেন্দ্রে এসে হাজির হলেন সেই ‘মৃত’ ভোটাররা। অযথা হয়রানির অভিযোগ তুলে তাঁরা এদিন বিক্ষোভ দেখান।ব্লক প্রশাসন সূত্রে খবর, ফর্ম ৭ এর মাধ্যমে ৪৪ জনকে এদিন শুনানিতে ডাকা  হয়েছিল। তাঁদের মধ্যে দু’জনকে মৃত বলে অভিযোগ করা হয়েছিল। তাঁরা এদিন বিডিও অফিসে এসে ক্ষোভে ফেটে পড়েন। তবে এদিন শুনানি চললেও অভিযোগকারী বিজেপির মণ্ডল সভাপতি বিধান রায়কে দেখা যায়নি। হিলির বিডিও চিরঞ্জিত্ সরকার বলেন, আজ ফর্ম ৭ এর শুনানি ছিল। তবে অভিযোগকারী আসেননি। এনিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট মহকুমা শাসককে দেব।

Advertisement

 
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। অর্পিতা বিজেপির বিরুদ্ধে অযথা হয়রানি এবং চালাকির অভিযোগ তুলেছেন। অর্পিতা বলেন, দু’বছরের কাজ দু’মাসে শেষ করার চাপ সৃষ্টি করছে বিজেপি। সাধারণ মানুষকে হয়রানি করাই তাদের মূল লক্ষ্য। বিজেপি নেতা চালাকি করে জীবিত ভোটারকে মৃত করার চেষ্টা করেছে। অনেকেই বিরুদ্ধেই ফর্ম ৭ জমা করেছে। শুনানির সময় ধরা পড়ে গিয়েছে এই চালাকি। অভিযোগকারী বিজেপির মণ্ডল সভাপতি বিধান বলেন, দলীয় নির্দেশে ফম ৭ জমা করেছি। যাঁদের বিরুদ্ধে ফর্ম ৭ জমা করেছিলাম, তাঁরা সন্দেহভাজনের তালিকায় রয়েছে। তবে কাউকে মৃত বলে অভিযোগ করিনি। প্রশাসন তদন্ত করে দেখুক কে ভারতীয়, কে বাংলাদেশি? আমি অভিযোগ করায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হিলির মহিষনটা এলাকার ভোটার আব্দুল করিম মণ্ডল এবং ফারুক আলি সরকার বলেন, আমরা জীবিত রয়েছি। কিন্তু বিজেপি নেতা বিধান আমাদের মৃত বলে ফর্ম ৭ জমা করেছে। আমরা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছি। আমাদের অনেকের বিরুদ্ধে তারা মিথ্যে অভিযোগ করেছে। যার ফলে আমরা অযথা হয়রানির শিকার হলাম। আমরা ওই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব। এনিয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, অভিযোগ করার অধিকার না থাকলে নির্বাচন কমিশন ফর্ম ৭ কেন দিয়েছে? সন্দেহজনক ভোটার বলেই তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ