সংবাদদাতা, ডোমকল: ডোমকলের বর্তনাবাদে শ্বশুরবাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতার নাম রাশিয়া ইসলাম(২৭)। শুক্রবার সন্ধ্যায় এঘটনা ঘটে। মৃতার পরিবারের তরফে শনিবার সন্ধ্যা অবধি কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিস দেহ উদ্ধারের পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।
পুলিস জানিয়েছে, বছরখানেক আগে ডোমকলের হিতানপুরের রাশিয়া ইসলামের সঙ্গে বর্তনাবাদের এক যুবকের বিয়ে হয়েছিল। বিয়ের পর দু’জনের সংসার ঠিকঠাকই চলছিল। বধূর শ্বশুরবাড়ি ও প্রতিবেশীদের দাবি, সংসারে তেমন কোনও অশান্তি ছিল না। শুক্রবার হঠাৎ ওই বধূ বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না করে। কিছুক্ষণ পরে তাঁর স্বামী ঘরে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন। তাঁর চিৎকার শুনে তড়িঘড়ি পরিবারের লোকজন বধূকে উদ্ধার করে ডোমকল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ডোমকল থানার পুলিস পৌঁছে হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে। মৃতার শ্বশুর আসগান মণ্ডল বলেন, আমরা সবাই রোজা রেখেছিলাম। ইফতার করার পর আমি আমার ছেলে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে বাড়ি ফিরে দেখি, বউমা আত্মঘাতী হয়েছে। কী কারণে বৌমা আত্মঘাতী হল, বুঝতে পারছি না। সংসারে তেমন অশান্তিও ছিল না। মৃতার পরিবারের এক সদস্য বলেন, ওদের সংসারে তেমন অশান্তি ছিল না। রাশিয়া স্বামী-সংসার নিয়ে বেশ ভালোই ছিল। কী কারণে সে একাজ করল- বুঝে উঠতে পারছি না।