ইলুরু ও রায়পুর, ৬ মার্চ: দেশের দুই প্রান্তে দুটি পৃথক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে মৃত্যু হল ৬ জনের। জখম ৩২। প্রথমে ছত্তিশগড়ের নারায়ণপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। জখম ১২। গতকাল, বুধবার রাতে ঘটেছে দুর্ঘটনাটি। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে ঘটল দুর্ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিস। অপরদিকে, আজ, বৃহস্পতিবার একটি দুর্ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের ইলুরুর চোড়িমেলা গ্রামের কাছে জাতীয় সড়কের উপরে। সেখানে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এক যাত্রীবাহী বাসের। যার ফলে ৩ জনের মৃত্যু হয়। জখম হন ২০ জন। সূত্রের খবর, বাসটি হায়দরাবাদ থেকে কাকিনাড়াতে ফিরছিল। স্থানীয় সূত্রে খবর, যাত্রীবাহী বাসটির সঙ্গে ট্রাকটির এতটাই জোরে সংঘর্ষ হয় যে সেটি কয়েকবার রাস্তার উপরেই পাল্টি খায়। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement



