তেহরান: দেখে মনে হবে পশ্চিমি দেশের জমজমাট বিয়েবাড়ি। নববধূর পরনে সাদা গাউন। কোট-প্যান্ট পরা একজনের হাত ধরে তিনি এগিয়ে আসছেন। তাঁদের ঘিরে আছেন আরও অনেকে। কেউ ছবি তুলছেন, কেউ ফুল ছুড়ছেন। আনন্দের আমেজ চারদিকে। তবে এই ভিডিও কোনও পশ্চিমি দেশের নয়, বরং ইরানে তোলা হয়েছে। সেই ইরান, যেখানে হিজাব বাধ্যতামূলক। যে নিয়ম চালু করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। বিয়ের ভিডিওটা খামেনেই ঘনিষ্ঠ শামখানির মেয়ের বিয়েতে তোলা। স্বাভাবিকভাবেই বিষয়টা নিয়ে সমাজমাধ্যমে চর্চা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, হিজাব কি শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই বাধ্যতামূলক? কেউ কেউ এমন কটাক্ষও করছেন, এসব নিয়ম আসলে শাসকদলের ভণ্ডামি! ২০২২ সালে ইরানের হিজাব বিদ্রোহ বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল। সরকারি নীতির বিরুদ্ধে গিয়ে প্রাণও দিতে হয়েছে অনেককে। এসবের নেপথ্যে একজনই, আয়াতোল্লা আলি খামেনেই। সেইসময় তাঁর সহযোগী হিসেবে এই নীতি সমর্থন করেছিলেন আলি শামখানি। শুধু তাই নয়, ২০২২ সালে অশান্ত ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নেতৃত্বপদেও ছিলেন তিনি। অথচ তাঁর বাড়িতেই সরকারি নিয়ম মানার বালাই নেই। ভিডিওটিতে তাঁকেও স্পষ্টভাবে দেখা গিয়েছে। যদিও এই বিতর্ক নিয়ে নিজের সমর্থনে বিশেষ যুক্তি দেখিয়েছেন শামখানি। তাঁর দাবি, ভিডিওটা ২০২৪ সালের। কারও ব্যক্তিগত ভিডিও নিয়ে এইভাবে চর্চা অনুচিত। নেপথ্যে ইজরায়েলের চক্রান্ত রয়েছে বলেই দাবি খামেনেই ঘনিষ্ঠ নেতার।



