Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দলিত নেতা মন্দিরে ঢোকায় গঙ্গাজল, সাসপেন্ড বিজেপির প্রাক্তন বিধায়ক

রামনবমীতে অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে রাজস্থানের আলওয়ারে একটি মন্দিরে গিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা টিকারাম জুলি।

দলিত নেতা মন্দিরে ঢোকায় গঙ্গাজল, সাসপেন্ড বিজেপির প্রাক্তন বিধায়ক
  • ৯ এপ্রিল, ২০২৫ ১৪:০৪
Prefer us on Google

জয়পুর: রামনবমীতে অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে রাজস্থানের আলওয়ারে একটি মন্দিরে গিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা টিকারাম জুলি। দলিত নেতা টিকারামের প্রবেশে মন্দির ‘অপবিত্র’ হয়েছে। এহেন অভিযোগে গঙ্গাজল ছিটিয়ে সেই মন্দির ‘পবিত্র’ করেন প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা। ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। কংগ্রেসের অভিযোগ, গোটা ঘটনায় বিজেপির দলিত বিরোধী মানসিকতাই প্রকাশ পেয়েছে। এই নিয়ে রাজস্থানের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা জয়রাম রমেশ মঙ্গলবার এক্স হ্যান্ডলে লেখেন, ‘বিজেপি এবং আরএসএসের মূল্যবোধের গভীরে দলিত বিরোধী মনোভাব রয়েছে। নাগপুরে আরএসএসের সদর দপ্তর থেকে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। তাই এই ধরনের ঘটনা বারবার ঘটে।’ চাপে পড়ে জ্ঞানদেবকে সাসপেন্ড করেছে বিজেপি। পাশাপাশি শোকজ নোটিসও পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। 

Advertisement

আমেদাবাদে চলছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়েছেন প্রবীণ নেতা জয়রাম রমেশ। বৈঠকের মাঝেই গঙ্গাজল কাণ্ডে বিজপি এবং আরএসএসকে বিঁধে এক্স হ্যান্ডলে হিন্দিতে একের পর এক পোস্ট করেন জয়রাম। প্রশ্ন তোলেন, ‘জ্ঞানদেবের মতো নেতা কোথা থেকে এরকম জঘন্য কাজের সমর্থন পান? উত্তর একটাই। তাদের আদর্শের মধ্যেই এই ধরনের চিন্তা লুকিয়ে রয়েছে। বয়কট আর বৈষম্যই তাদের হাতিয়ার। প্রধানমন্ত্রী মোদি এই ঐতিহ্যের ফসল। জ্ঞানদেব আহুজাও তাই। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাই ওদের পরিচয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ