নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিতর্কিত চিকিৎসক নেতা ডাঃ অভীক দে’কে সোমবার ফের দেখা গেল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে অংশ নিতে। তা নিয়ে শোরগোল শুরু হয়। কারণ, অভয়া কাণ্ডের পর ক্রাইম সিনে উপস্থিত থাকা সহ একাধিক অভিযোগে অভীকবাবুকে কাউন্সিলের কাজকর্ম থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরও তিনি কীভাবে বৈঠকে উপস্থিত থাকলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া যৌথ মঞ্চের চিকিৎসকরা। এ বিষয়ে কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায় দাবি করেন, গোটা বিষয়টিই তখন জোর করে চাপ দিয়ে করা হয়। অভীক নির্বাচিত কাউন্সিল সদস্য। তাই এসেছিলেন।
Advertisement
যৌথ মঞ্চের চিকিৎসকরা এদিন আরও অভিযোগ করেন, রাজ্য সরিয়ে দেওয়ার কথা বললেও মানস চক্রবর্তীকে দিয়েই কাউন্সিলের রেজিস্ট্রারের কাজ করানো হচ্ছে। তাঁকে দিয়েই কাউন্সিলের এদিনকার বৈঠকও ডাকা হয়েছে। সুদীপ্তবাবুর বক্তব্য, মানসবাবুকে সিপিএম জমানাতেই নিয়োগ করা হয়েছিল। তাছাড়া ডিসেম্বরে ওঁর কাজের মেয়াদ শেষ হচ্ছে। তারপর নয়া রেজিস্ট্রার নিয়োগ করবে কাউন্সিল।



