সংবাদদাতা, চোপড়া: কাঁচা রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগছ থেকে গ্লান্ডিগড় পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ভাঙাচোরা রাস্তা দিয়ে পথ চলতে হোঁচট খেতে হচ্ছে। বেহাল রাস্তা দিয়ে সাত আটটি গ্রামের বাসিন্দারা প্রতিদিন চলাচল করেন। কাঁচা রাস্তা পাকা করার দাবি জোরালো হচ্ছে এলাকায়। গেন্দাগছের মফিজুল ইসলাম জানান, রাস্তা সংস্কার করতে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হয়েছে। কিন্তু দেড় দশকেও রাস্তা সংস্কার হয়নি। গ্রামবাসীদের বক্তব্য, এই কাঁচা রাস্তাটি একবারে পাকা করা সম্ভব না হলে অন্তত মাটি ফেলে বর্ষার আগে সংস্কার করে দেওয়া হোক। পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান বলেন, বিষয়টি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নজরে আনা হয়েছে। প্রায় দেড় বছর আগে ওই রাস্তার মাঝে একটি কালভার্ট নির্মাণ হয়েছে। কিন্তু কালভার্টটি কোনও কাজে লাগছে না। কারণ, রাস্তা থেকে অনেকটা উঁচুতে কালভার্টটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় জাফর আলির বক্তব্য, এক দশক পেরিয়ে গেলেও এই রাস্তার দিকে কেউ মুখ তুলে তাকায়নি। আরেক বাসিন্দা মুজাফফর ইসলামের কথায়, বর্ষায় এই রাস্তা দিয়ে গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। কবে রাস্তা পাকা হবে, জানি না। অবিলম্বে রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন।



